ঢাকা, অগাস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তেজগাঁও কেন্দ্রীয় ওষুধ সংরক্ষাগারের (সিএমএসডি) নতুন পরিচালক হয়েছেন সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন।
বিদায়ী পরিচালক ব্রিগেডিয়ার আহসান কবির খানকে তার মূল কর্মস্থল সেনাবাহিনীতে ফেরৎ পাঠানো হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক আদেশে মঙ্গলবার বিকেলে এ নিয়োগ ও রদবদল করা হয়।
এ ছাড়া প্রশাসনের বিভিন্ন পর্যায়ে প্রেষণে কর্মরত কয়েকজন সশস্ত্র বাহিনীর কর্মকর্তার পদে রদবদল করা হয় একইদিন।
এদের মধ্যে সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শাহজাহানকে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস’র (বিইউপি) মেডিকেল ফ্যাকাল্টির ডিন নিয়োগ করা হয়েছে। সেনাবাহিনীতে ফেরৎ পাঠানো হয়েছে বিইউপিতে কর্মরত মেজর আসাদ উন নবীকে।
বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার শাহরিয়ার আহমেদ জাতীয় সংসদের ‘ডেপুটি সার্জেন্ট অ্যাট আর্মস’ পদে প্রেষণে নিয়োগ পেয়েছেন। ওইপদে থাকা স্কোয়াড্রন লিডার মোহা. সদরুল আহমদ খানকে বিমানবাহিনীতে তার মূল কর্মস্থলে ফেরৎ পাঠানো হয়েছে।
এ ছাড়া বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব ড. নাহিদ রশীদকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘গভর্নেন্স ইনোভেশন ইউনিট’-এর পরিচালক নিয়োগ করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/২০১৯ ঘ.
bdnews24