২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রমিক অসন্তোষে আশুলিয়ায় গার্মেন্টস বন্ধ

মামলা প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে শ্রমিক অসন্তোষের মুখে আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2012, 02:27 PM

Updated : 24 Aug 2022, 12:00 PM

সাভার, অগাস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মামলা প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে শ্রমিক অসন্তোষের মুখে আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পুলিশ জানায়, সোমবার দুপুরে নরসিংহপুর এলাকার ‘ভিনটেজ গার্মেন্টস লিমিটেড’ বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ মূল ফটকে নোটিশ ঝুলিয়ে দিয়েছে। শিল্প পুলিশ-১ আশুলিয়া জোনের উপ-পরিচালক মোক্তার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঈদের আগে বকেয়া বেতন-ভাতা ও বোনাসের দাবিতে কারখানার শ্রমিকরা কর্মবিরতি ও বিক্ষোভ করে। তখন কিছু শ্রমিক কারখানার গ্লাস ও আসবাবপত্র ভাংচুর করে। ঈদের আগে শ্রমিকদের বকেয়া বেতন দিয়ে দেওয়া হয়। কিন্তু এ ঘটনায় কর্তৃপক্ষ ৪২ শ্রমিকের বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি ভাংচুরের মামলা করে এবং ঈদের পর মামলার আসামি ওই ৪২ শ্রমিককে ছাঁটাইয়ের নোটিশ দেয়। তিনি বলেন, “সকাল ৮টার দিকে শ্রমিকরা কারখানায় এসে মামলা ও শ্রমিক ছাঁটাইয়ের কথা শুনে বিক্ষুব্ধ হয়ে ওঠে। তারা মামলা ও ছাঁটাই প্রত্যাহারের দাবি জানিয়ে বিক্ষোভ করতে থাকে।” পুলিশ কর্মকর্তা জানান, পরে অবস্থা খারাপ দেখে দুপুর ২টার দিকে কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। শ্রমিকরা বন্ধের নোটিশ পেয়ে চলে যায়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কারখানায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২০২৩ ঘ.