রাঙামাটি, অগাস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্থানীয় পুলিশ প্রশাসনকে পার্বত্য জেলা পরিষদে হস্তান্তরের প্রতিবাদ জানিয়েছে পাহাড়ের কয়েকটি বাঙালি সংগঠন।
প্রতিবাদের অংশ হিসেবে মঙ্গলবার রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়ার ঘোষণা দিয়েছেন পাহাড়ের বাঙালি নেতারা।
সোমবার রাঙামাটি কাঠ ব্যবসায়ী সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পার্বত্য চট্টগ্রাম সমঅধিকার আন্দোলন, পার্বত্য গণপরিষদ, পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ ও পার্বত্য বাঙালি ছাত্রঐক্য পরিষদ যৌথভাবে এ কর্মসূচি ঘোষণা করে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন পার্বত্য গণপরিষদের চেয়ারম্যান জালাল উদ্দীন চৌধুরী আহম্মেদ আলমগীর। এ সময় সমঅধিকার আন্দোলনের নেতা জাহাঙ্গীর কামাল, বাঙালি ছাত্র পরিষদের নেতা আব্দুল মান্নান, এডভোকেট আবছার আলী, মো. হান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, স্থানীয় পুলিশ প্রশাসনকে পার্বত্য জেলা পরিষদে হস্তান্তরের বিষয়ে ৩০ অগাস্ট রাঙামাটিতে পার্বত্য মন্ত্রণালয়ের উদ্যোগে একটি কর্মশালার আয়োজন করা হয়েছে।
এ উদ্যোগ বন্ধের দাবিতেই মানববন্ধন ও স্মারকলিপি দেওয়া হবে বলে তারা জানান।
এতে কাজ না হলে আগামী বুধ ও বৃহস্পতিবার তিন পার্বত্য জেলায় হরতাল পালনের হুমকি দিয়েছেন বাঙালি নেতারা।
পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি অনুযায়ী পার্বত্য জেলা পরিষদ আইনের ৬২ ধারার (১) উপধারায় বলা হয়েছে, পুলিশের উপ-পরিদর্শক ও তার নিুস্তরের সদস্যদের জেলা পরিষদ নিয়োগ, বদলি ও শাস্তি দিতে পারবে। পুলিশে নিয়োগের ক্ষেত্রে পার্বত্য জেলার স্থানীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রার্থীদের অগ্রাধিকার দিতে হবে।
ইতোমধ্যে ইউএনডিপির সহযোগিতায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ঢাকা, চট্টগ্রাম ও বান্দরবানে এই হস্তান্তর প্রক্রিয়ার অংশ হিসেবে তিনটি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার রাঙামাটিতে এ বিষয়ক একটি কর্মশালা আয়োজন করেছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৯৫৫ ঘ.
bdnews24