২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউনূসকে নিয়ে পাল্টা বিবৃতি ডানপন্থীদের

গ্রামীণ ব্যাংক আইন সংশোধনে মুহাম্মদ ইউনূসের প্রতিক্রিয়ার সমালোচনা করে সরকার সমর্থক বুদ্ধিজীবীদের বিবৃতির জবাবে পাল্টা বিবৃতি দিয়েছেন বিএনপি-জামায়াত সমর্থকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2012, 01:59 PM

Updated : 24 Aug 2022, 12:00 PM

ঢাকা, অগাস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রামীণ ব্যাংক আইন সংশোধনে মুহাম্মদ ইউনূসের প্রতিক্রিয়ার সমালোচনা করে সরকার সমর্থক বুদ্ধিজীবীদের বিবৃতির জবাবে পাল্টা বিবৃতি দিয়েছেন বিএনপি-জামায়াত সমর্থকরা। সোমবার ‘শত নাগরিক’ ব্যানারে গ্রামীণ ব্যাংক ‘রক্ষায়’ দেশবাসীকে এগিয়ে আসার আহ্বান জানান বিভিন্ন পেশায় নেতৃস্থানীয় ২১৯ জন, যারা বিরোধী দলের সমর্থক হিসেবে পরিচিত। গত ২২ অগাস্ট সরকার গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের বিধি পরিবর্তন করে এর সংশোধিত অধ্যাদেশ জারি করে। কেন্দ্রীয় ব্যাংকের পদক্ষেপে গত বছর এই ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ হারানো ইউনূস দিনটিকে ‘কালো দিবস’ হিসেবে আখ্যায়িত করেন। ইউনূসের ওই বক্তব্যের প্রতিক্রিয়ায় সরকারের পদক্ষেপের পক্ষে শনিবার বিবৃতি দেন অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী, শিল্পী কাইয়ূম চৌধুরী, কথাসাহিত্যিক সৈয়দ শামসুল হক, শিল্পী হাশেম খান, বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খানসহ ৫১ জন নাগিরক। বিবৃতিতে তারা বাংলাদেশের ওপর অবাঞ্ছিত চাপ প্রয়োগের ক্ষেত্রে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ইউনূসের প্ররোচনা থাকার অভিযোগ আনেন। এর জবাবে সোমবারের বিবৃতিতে বিএনপি-জামায়াত সমর্থক নাগরিকরা বলেন, গ্রামীণ ব্যাংক ‘ধ্বংসের’ উদ্যোগ নিয়েছে সরকার। আর এই ‘অশুভ’ তৎপরতার সঙ্গে যুক্ত হয়েছে সরকারের ‘উচ্ছিষ্টভোগী’ ৫১ জন বুদ্ধিজীবী। “পত্র-পত্রিকায় প্রকাশিত এই ৫১ বুদ্ধিজীবী গ্রামীণ ব্যাংক ও ড. ইউনূস সম্পর্কে যে সব কথা বলেছেন তা রুচি, শিক্ষা ও শিষ্টাচার বহির্ভূত। আমরা এই দায়িত্বহীন এই বিবৃতির তীব্র নিন্দা জানাই,” বলা হয় বিবৃতিতে। ইউনূস বিষয়ে সরকারের সমালোচনা করে বিবৃতিতে বলা হয়, “আন্তর্জাতিকভাবে দেশের সবচেয়ে সম্মানিত ব্যক্তি, ক্ষুদ্র ঋণ ও সামাজিক ব্যবসার প্রবক্তা মুহাম্মদ ইউনূসের ভাবমুর্তি বিনাশের জন্য সরকার প্রচার করছে নানা কুৎসা।” বিবৃতিদাতাদের মধ্যে রয়েছেন- তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা অধ্যাপক এম এ মাজেদ, সাবেক সচিব আসাফউদ্দৌলা, সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মনিরুজ্জামান মিঞা, অধ্যাপক এমাজউদ্দীন আহমদ,অ ধ্যাপক এস এম এ ফায়েজ, অধ্যাপক আনোয়ার উল্লাহ চৌধুরী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক খন্দকার মুস্তাহিদুর রহমান। এছাড়াও রয়েছেন অধ্যাপক আবু আহমেদ, সাংবাদিক সাদেক খান, আমানুল্লাহ কবীর, রিয়াজ উদ্দিন আহমদ, রুহুল আমিন গাজী, শওকত মাহমুদ, কামালউদ্দিন সবুজ, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নাল আবেদীন, সাবেক সভাপতি খন্দকার মাহবুব হোসেন, কবি আবদুল হাই শিকদার প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৯৫৬ ঘ.