ঢাকা, অগাস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা সেতু প্রকল্পে বিশ্ব ব্যাংককে ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমানকে অপসারণের আহ্বান জানিয়েছেন বিকল্পধারা বাংলাদেশ এর সভাপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী।
সোমবার এক বিবৃতিতে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি এ আহবান জানান। তার প্রেস সচিব জাহাঙ্গীর আলম এই বিবৃতিটি সংবাদ মাধ্যমে পাঠান।
বিবৃতিতে বি চৌধুরী বলেন, “মন্ত্রী আবুল হোসেনকে যেমন পদত্যাগে বাধ্য করা হয়েছে, তেমনি প্রধানমন্ত্রীর উপদেষ্টা মসিউর রহমানকে তার পদ থেকে সরিয়ে দিলে বিশ্ব ব্যাংক ঋণচুক্তি পুনর্বহালে রাজি হবে বলে আমার বিশ্বাস। তাই প্রধানমন্ত্রীকে বলব, বিশ্ব ব্যাংকের ঋণচুক্তি পুনর্বহালের স্বার্থে অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টাকে সরিয়ে দিন।’’
সাবেক এই রাষ্ট্রপতি এমনও আশা প্রকাশ করেন যে, উপদেষ্টা মসিউরকে সরাতে প্রধানমন্ত্রীর ‘শুভবুদ্ধির উদয়’ হবে। এতে বাংলাদেশ একটি অর্থনৈতিক ‘বিপর্যয়’ থেকে রক্ষা পাবে বলেও তার বিশ্বাস।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/১৯৩২ ঘ.
bdnews24