২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেট এমসি কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ, সড়ক অবরোধ

সিলেট এমসি কলেজের পুড়ে যাওয়া ছাত্রাবাস সংস্কার, ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের ক্ষতিপূরণ দেওয়া এবং দোষীদের শাস্তির দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন কলেজের শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2012, 12:19 PM

Updated : 24 Aug 2022, 12:00 PM

সিলেট, অগাস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেট এমসি কলেজের পুড়ে যাওয়া ছাত্রাবাস সংস্কার, ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের ক্ষতিপূরণ দেওয়া এবং দোষীদের শাস্তির দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন কলেজের শিক্ষার্থীরা। সোমবার সকাল ১১টায় এমসি কলেজ ছাত্রাবাসের সামনে বিক্ষোভ সমাবেশ করেন তারা। বিক্ষোভকারীরা টায়ার জ্বালিয়ে আম্বরখানা-টিলাগড়-তামাবিল সড়ক আধ ঘণ্টা ধরে অবরোধ করে রাখেন। পরে পুলিশ তাদেরকে সড়ক থেকে সরিয়ে দেয়। সমাবেশে শিক্ষার্থীরা অভিযোগ করেন, ‘ছাত্রলীগের কিছু চিহ্নিত দুর্বৃত্ত’ শত বছরের পুরনো এই ছাত্রাবাস পুড়িয়ে দিলেও তাদের শাস্তির আওতায় আনা হয়নি। অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে তাদের শাস্তির পদক্ষেপ না নিলে কঠোর আন্দোলনের হুমকিও দেন তারা। সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রাবাসের আবাসিক ছাত্র জুনায়েদ আল হাবিব, লাহিন আহমদ, আল আমিন, আলী আহমদ, আবুল হাসনাত বেলাল ও কামরান আল শাহান। এদিকে দেড় মাসের বেশি সময় ধরে বন্ধ থাকা এমসি কলেজ আগামী ২৯ অগাস্ট খোলার সিদ্ধান্ত নিয়েছে কলেজ কর্তৃপক্ষ। কলেজের অধ্যক্ষ প্রফেসর ধীরেশ চন্দ্র সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, একটি অনাকাঙ্খিত ঘটনায় প্রায় দেড় মাসেরও বেশি সময় ধরে কলেজ বন্ধ রয়েছে। এতে হাজার হাজার শিক্ষার্থীর শিক্ষাজীবন ব্যাহত হচ্ছে। তাদের কথা বিবেচনা করে আগামী ২৯ অগাস্ট এমসি কলেজ খোলার সিন্ধান্ত নেওয়া হয়েছে। গত ৮ জুলাই সন্ধ্যায় ছাত্রলীগ-শিবির সংঘর্ষের জের ধরে ছাত্রাবাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে তিনটি ব্লকের ৪২টি কক্ষ সম্পূর্ণ পুড়ে যায়, প্রায় ৭০টি কক্ষ ক্ষতিগ্রস্ত হয়। পরদিন থেকে এমসি কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ এ ঘটনায় শাহপরাণ থানায় ৩টি মামলা করা হয়। কলেজ কর্তৃপক্ষ পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেয়। অপরদিকে জেলা প্রশাসন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করলেও এখনো পর্যন্ত কোনো তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/১৮১৫ঘ.