মৌলভীবাজার, অগাস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইঞ্জিন বিকল হয়ে সোমবার চট্টগ্রাম-সিলেট আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন শমসেরনগর স্টেশনে আড়াইঘণ্টা আটকে ছিল।
পরে একটি তেলবাহী ট্রেনের ইঞ্জিন এনে যুক্ত করার পর ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যায়।
শমশেরনগর স্টেশন মাস্টার মোহাম্মদ শাহাজাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সিলেট থেকে চট্টগ্রাম অভিমুখী ৭২০ নম্বর ডাউন আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস বেলা ১২টা ৫০ মিনিটে শমশেরনগর স্টেশনে পৌঁছে।
তিন মিনিট যাত্রাবিরতি শেষে ছেড়ে যাওয়ার সময় ইঞ্জিন বিকল হয়ে যায়। রেলের স্থানীয় প্রকৌশলীরা চেষ্টা করেও ইঞ্জিনটি চালু করতে পারেননি।
তিনি বলেন, পরে সিলেটের মোগলাবাজারে স্টেশনে অবস্থানরত একটি তেলবাহী ট্রেনের ইঞ্জিন শমসেরনগর এনে পাহাড়িকা এক্সপ্রেসে যুক্ত করা হয়। বেলা ৩টা ২০ মিনিটে ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যায়।
এ কারণে অন্য কোনো স্টেশনে ট্রেন আটকা ছিল কিনা তা তিনি তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি।
ট্রেনটির চালক আজম আলী বলেন, স্ট্রাকচার মোটর নষ্ট হয়ে যাওয়ায় ইঞ্জিন বিকল হয়ে গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৭৫৭ ঘ.
bdnews24