ঢাকা, অগাস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইতালি এবং মরিশাসে বাংলাদেশ মিশনে নতুন মিশন প্রধান নিয়োগ করা হয়েছে।
ইতালিতে বাংলাদেশ দূতাবাসে রাষ্ট্রদূত হয়েছেন কাতারে কর্মরত রাষ্ট্রদূত শাহদাত হোসেন। আর মরিশাসে হাইকমিশনার নিয়োগ পেয়েছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নিয়োজিত বাংলাদেশের কনসাল জেনারেল সাব্বির আহমেদ চৌধুরী।
পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার এ নিয়োগ দিয়েছে বলে তথ্যবিবরণীতে বলা হয়েছে।
নিয়োগ পাওয়া এই দুই কর্মকর্তা পেশাদার কূটনীতিক। তারা দুজনই ১৯৮৪ সালে বিসিএস’র নবম ব্যাচের মাধ্যমে পররাষ্ট্র ক্যাডারে যোগ দেন।
শাহদাত হোসেন এর আগে শ্রীলংকায় রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছেন। এ ছাড়া নিউইয়র্কে জাতিসংঘের স্থায়ী মিশন, নয়া দিল্লি, কায়রো ও ইসলামাবাদে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।
তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি গ্রহণ করেন।
সাব্বির আহমেদ চৌধুরী মরিশাসে বাংলাদেশের প্রথম আবাসিক হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন। এর আগে তিনি জাতিসংঘে বাংলাদেশের উপ-স্থায়ী প্রতিনিধি এবং ব্রাসেলস, বেইজিং এবং লন্ডনে বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে কর্মরত ছিলেন।
তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) একজন স্নাতক ডিগ্রিধারী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/২১৪৪ ঘ.
bdnews24