বরিশাল, অগাস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালে একটি সড়ক দুর্ঘটনায় দুইজন সাইকেল অরোহীসহ এক বাস চালক নিহত এবং ২৫ বাসযাত্রী আহত হয়েছে।
শনিবার সকাল ১০টায় বরিশাল-পটুয়াখালী সড়কের ভোলা সংযোগ সড়কের প্রবেশমুখে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সাকুরা পরিবহনের চালক মো. ফারুক (৩৯), সাইকেল আরোহী কর্ণকাঠীর বাসিন্দা সুমন (২২) ও তার ভাগ্নে লিটন (১০)।
আহতদের চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপতালে পাঠিয়েছে পুলিশ।
বরিশাল মহানগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) এটিএম মোজাহিদুল ইসলাম জানান, পটুয়াখালী থেকে যাত্রী নিয়ে সাকুরা পরিবহনের বাসটি ঢাকায় যাচ্ছিল।
সকাল ১০টার দিকে বাসটি কীর্তনখোলা সেতুর এপ্রোচ সড়ক পার হওয়ার সময় ভোলা সংযোগ সড়ক থেকে একটি সাইকেলে দুই আরোহী বরিশাল-পটুয়াখালী সড়কে ওঠে।
এ সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বামপাশের খাদে পড়ে বাসটি দুমড়ে মুচড়ে যায়।
এতে ঘটনাস্থলেই দুই সাইকেল আরোহীসহ বাসটির চালক নিহত হন এবং বাসটির যাত্রীরা আহত হন।
এদের মধ্যে অন্তত ২৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এ ঘটনায় মহানগরীর বন্দর থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৪২৩ ঘ.
bdnews24