ঢাকা, অগাস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অগ্নিকাণ্ডের প্রায় দেড় ঘন্টা পরে রাজধানীর পুরান ঢাকার কায়েৎটুলীর জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) মাহবুবুর রহমান সাংবাদিকদের বলেন, “ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের সম্মিলিত চেষ্টায় সন্ধ্যা ৭টা ৫০মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।”
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করছেন মাহবুবুর।
তিনি বলেন, “প্রথমে একটি জুতার কারখানা থেকে আগুনের উৎপত্তি। পরে তা আশেপাশের ভবনগুলিকে স্পর্শ করে। তবে ঈদের ছুটির কারনে কারখানাটি বন্ধ থাকায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।”
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর কায়েৎটুলীর বাংলাদেশ মাঠ সংলগ্ন জুতার এই কারখানায় (১ নম্বর বাড়ি) আগুন লাগে বলে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ জানায়।
এলাকায় কারখানাটি ‘বিনার কারখানা’ নামে পরিচিত। একতলা এ ভবনটির ২য় ও ৩য় তলা টিন দিয়ে তৈরি।
শরীফ নামের এক এলাকাবাসী জানায়, ভবনটিতে জুতা ও ব্যাগের কয়েকটি কারখানা আছে। আশপাশের ভবনগুলোতেও একই ধরনের কারখানা রয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, আগুন লাগার খবর জানার পরেও ফায়ার সার্ভিস পৌঁছতে দেরি করেছে।
তবে এ অভিযোগকে ‘অসত্য’ দাবি করে মাহবুবুর রহমান বলেন, “অগ্নিকা-ের কথা জানতে পারার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট এসে পৌছায়।”
“অন্য সময় হলে পৌঁছাতে সময় লাগতো তবে রাস্তা ফাঁকা থাকায় আসতে কোনো সমস্যা হয়নি” যোগ করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএইচএ/এসইউ/২০৫৫ ঘ.
bdnews24