কামাল হোসেন তালুকদার
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, অগাস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চিকিৎসক নেতা নারায়ণ চন্দ্র দত্ত নিতাইকে খুনের ঘটনাটি পরিবারের সদস্যরা পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে করলেও পুলিশের ‘দৃঢ়’ ধারণা চুরিতে বাধা দিতে গিয়েই নিহত হন বক্ষব্যাধি হাসপাতালের এই সহকারী অধ্যাপক।
এ মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার উপপরিদর্শক মো. ইমদাদ শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চুরি করার সময় বাঁধা দেওয়ায় এ হত্যাকাণ্ড ঘটেছে। সবকিছু ‘ডিটেক্ট’ হয়েছে। মামলার অগ্রগতি শিগগিরই পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা আপনাদের (সাংবাদিকদের) জানাবেন।”
অবশ্য ডা. নারায়ণের এক সহকর্মীও মনে করছেন, বিষয়টি ‘রহস্যজনক’।
এদিকে মামলাটি তদন্তের জন্য গোয়েন্দা পুলিশের কাছে শুক্রবার বিকালে হস্তান্তর করা হয়েছে বলে জানান বনানী থানার ওসি ভুইয়া মাহবুব হোসেন।
বৃহস্পতিবার ভোররাতে মহাখালীর বক্ষব্যাধি হাসপাতালের আবাসিক ভবনে ছুরিকাঘাতে খুন করা হয় বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের নির্বাহী পর্ষদের সদস্য ডা. নারায়ণ (৪৮)।
হত্যাকাণ্ডের সময় ওই বাড়িতে তিনি ছাড়া ছিলেন শুধু তার বৃদ্ধা মা মঞ্জু দত্ত। তবে তিনি ছিলেন বাড়ির নিচ তলায়, নারায়ণ খুন হন দোতলায়।
পুলিশ গিয়ে ওই বাড়ির দোতলায় নারায়ণের ঘরে জিনিসপত্র এলোমেলো অবস্থায় পায়। এ থেকেই ডাকাতি বা চুরির ধারণা করে পুলিশ।
এ ঘটনায় ডা. নারায়ণের বাবা তড়িৎ কান্তি দত্ত বনানী থানায় যে মামলাটি করেছেন, তাতেও ৫ লাখ টাকা খোয়া যাওয়ার কথা উল্লেখ করা হয়েছে।
তবে নিহতের শ্যালক সুরাস চৌধুরীর দাবি, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেছেন, বক্ষব্যাধি হাসপাতালে তৃতীয়-চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ নিয়ে গত কিছুদিন ধরেই হুমকি পাচ্ছিলেন ডা. নারায়ণ।
সুরাস বলেন, “সব মিথ্যা। এটা সাজানো নাটক। ডাকাতি বা চুরির ঘটনা হলে ডাকাত দল হাত, পা ও মুখ বেঁধে ডাকাতি করত। হত্যা করত না। টাকা-সোনা লুট হলেও বলব- এটা পরিকল্পিত হত্যাকাণ্ড।”
তবে সেই ‘হুমকিদাতাদের’ নাম বলতে পারেননি সুরাস।
অবশ্য হুমকি পাওয়ার বিষয়ে নারায়ণ কখানো কিছু বলেননি বলে জানিয়েছেন বক্ষব্যাধি হাসপাতালের সুপার ডা. বশির আহম্মেদ।
বৃহস্পতিবার তিনি সাংবাদিকদের বলেন, “গত ১ অগাস্ট তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী পদে ৫৫ জনকে নিয়োগ দেওয়া হয়। ডা. নারায়ণের ভাই গৌতম ও গৌতমের স্ত্রীও নিয়োগ পান।”
ডা. নারায়ণের এক সহকর্মী নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মাস ছয়েক আগেও নারায়ণ বক্ষব্যাধি হাসপাতালের সুপার ছিলেন। পুরনো কোনো কোনো ঘটনার জের ধরে এ হত্যাকা- ঘটার সম্ভবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না বলে তিনি মনে করেন।
তিনি বলেন, “কিছুদিন আগে ৫৫ জন কর্মচারী নিয়োগ দেওয়া হয় হাসপাতালে। নারায়ণ এর মধ্যে তার ভাই ও ভাইয়ের স্ত্রীকেও চাকরি দেয়। বিষয়টি অনেকে সহজভাবে নাও নিতো পারে।”
এ হত্যাকাণ্ডকে ‘রহস্যজনক’ অভিহিত করে এই চিকিৎসক বলেন, “চুরি বা ডাকাতি বলে মনে করতে পারছি না। আবার নিজেদের মধ্যে কেউ পরিকল্পনা করে হত্যা করেছে তাও মেনে নিতে পারছি না। বিষয়টি রহস্যজনক বলেই মনে হচ্ছে।”
ডা. নারায়ণ ও তার স্ত্রী ডা. লাকী চৌধুরী দুজনেই সরকার সমর্থিত স্বাধীনতা চিকিৎসক পরিষদের কেন্দ্রীয় নেতা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যে হত্যাকারীদেরম খুঁজে বের করে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/জেকে/১৫৩৫ ঘ.
bdnews24