চট্টগ্রাম, অগাস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সঙ্গীত শিল্পী রবি চৌধুরী তাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ এনে চট্টগ্রাম পুলিশের তালিকাভুক্ত এক সন্ত্রাসীর বিরুদ্ধে থানায় বৃহস্পতিবার একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
বিকেল পৌনে চারটায় নগরীর কোতোয়ালী থানায় গিয়ে চট্টগ্রাম নগর পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী মামুনুর রশিদ মামুনের বিরুদ্ধে তিনি জিডি করেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) সদ্বীপ কুমার দাশ।
জিডিতে অভিযোগ করা হয়, বুধবার রাত আনুমানিক একটার সময় রবি চৌধুরী চিটাগাং ক্লাব থেকে বের হয়ে গেস্ট হাউজের সামনে নিজ গাড়িতে উঠার সময় মামুন মাতাল অবস্থায় তাকে গাড়িতে উঠতে বাধা দেন।
এসময় মামুন রবি চৌধুরীর কাছে টাকা দাবি করে এবং তিনি তা দিতে অপারগতা জানালে মামুন তাকে মারতে উদ্যত হন।
এক পর্যায়ে তিনি পিস্তল বের করে রবি চৌধুরীকে হত্যার হুমকি দেন বলে জিডিতে অভিযোগ করা হয়।
এবিষয়ে মামুনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি রবি চৌধুরীকে ‘ঘনিষ্ঠ বন্ধু’ দাবি করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তার সঙ্গে আমার আগে থেকেই হৃদ্যতাপূর্ণ সম্পর্ক আছে। সে কারণে আমি তার সঙ্গে দুষ্টুমি করেছি। রবি আমাকে ভুল বুঝবে সেটা আমি বুঝতে পারিনি।”
২০০০ সালে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মামুন নগরীর শুলকবহর এলাকায় আওয়ামী লীগ সমর্থিত হিসেবে ওয়ার্ড কাউন্সিলর নির্বাচিত হন।
২০০১ সালে চট্টগ্রামের স্থানীয় দৈনিক পূর্বকোণ পত্রিকায় হামলা করে আলোচিত হন মামুন। পরে ওই ঘটনায় করা মামলায় তিনি দীর্ঘ দিন কারাভোগ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এইচএএইচ/এইচএ/১৯০৪ ঘ.
bdnews24