ঢাকা, অগাস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযুদ্ধের ওপর গবেষণায় গুরুত্ব দিতে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন।
পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ এ বিষয়ে সাংবাদিকদের জানান।
আবুল কালাম আজাদ বলেন, “মুক্তিযুদ্ধের বিষয়ে গবেষণার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে তিনি প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ বজায় রাখার কথাও বলেছেন।”
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম খায়রুল আলম খানের নেতৃত্বে প্রতিনিধি দলের সদস্যরা প্রধানমন্ত্রীকে বঙ্গবন্ধু শেখ মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাঁচটি হলের নাম চূড়ান্ত করার বিষয়টি জানান।
হলগুলো নামকরণ করা হয়েছে, বিজয় দিবস, একুশে ফেব্রুয়ারি, স্বাধীনতা দিবস, বেগম ফজিলাতুন নেসা এবং জগদীশ চন্দ্র বসু।
সাক্ষাতকালে উপস্থিত ছিলেন, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা আলাউদ্দিন আহমেদ, সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী, নিলুফার চৌধুরী ও প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসইউ/১৪০৯ ঘ.
bdnews24