সেই ‘কালো’ দিন
বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীদের ওপর সেনা নির্যাতনের সেই ‘কালো দিন’ বৃহস্পতিবার।
ঢাকা বিশ্ববিদ্যালয়, অগাস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীদের ওপর সেনা নির্যাতনের সেই ‘কালো দিন’ বৃহস্পতিবার।
জিমনেসিয়ামে কয়েকজন ছাত্রের সঙ্গে সৈন্যদের তর্কাতর্কির জের ধরে ২০০৭ সালের ২০ থেকে ২৩ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের ওপর ব্যাপক নির্যাতন চালায় পুলিশ। তখন গ্রেপ্তার করা হয় চার জন শিক্ষকসহ অনেক ছাত্রকে। বিভিন্ন মামলায় আসামি করা হয় তাদের।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ অসন্তোষের প্রকাশ ঘটে সারাদেশে ছাত্রবিক্ষোভের মাধ্যমে। ফলে পিছু হটে শিক্ষক-শিক্ষার্থীদের মুক্তি দিতে বাধ্য হয় সেনা সমর্থিত ওই তত্ত্বাবধায়ক সরকার।
ওই ঘটনা তদন্তে গঠিত সংসদীয় উপ কমিটি নির্যাতন ও সহিংসতার জন্য বিগত তত্ত্বাবধায়ক সরকারের ‘দায়িত্বে থাকা’ ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে চলতি বছর সংসদে প্রতিবেদনও দিয়েছে।
নির্যাতনের সেই ঘটনার স্মরণে প্রতিবছর ২৩ অগাস্ট কালো দিবস হিসাবে পালন করে আসছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। তবে এবার ঈদের ছুটি থাকায় এদিনের কর্মসূচি পালন করা হবে ২৮ অগাস্ট।
কী ঘটেছিল
সেনাবাহিনীর সমর্থনে দেশে তখন ফখরুদ্দীন আহমদ নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকার আসীন, যে সরকারকে প্রায় সব রাজনৈতিক দলই এখন অবৈধ বলছে।
২০০৭ সালের ১১ জানুয়ারি জরুরি অবস্থা জারির পর থেকে বিভিন্ন স্থানে অবস্থান নেয় সেনাবাহিনী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্র বা জিমনেসিয়ামেও ক্যাম্প করে তারা।
ওই বছরের ২০ অগাস্ট বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এবং লোকপ্রশাসন বিভাগের মধ্যে ফুটবল খেলা চলার সময় মাঠের পাশে জিমনেসিয়ামে অবস্থানরত কয়েকজন সেনাসদস্যের সঙ্গে বাকবিতণ্ডা হয় কয়েক ছাত্রের। এক পর্যায়ে সৈন্যরা ছাত্র-শিক্ষকদের ওপর চড়াও হয়, লাঞ্ছিত হন লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক মোবাশ্বের মোনেম।
ওই ঘটনার রেশ ধরে ছাত্রদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। দাবি ওঠে ক্যাম্পাস থেকে সেনাক্যাম্প প্রত্যাহারের। আর তা দমনে দেখা যায় বলপ্রয়োগ। বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হয়। জারি করা হয় সান্ধ্য আইন। পথে পথে ছাত্রদের নির্যাতনের ঘটনাও ঘটে।
রাজনৈতিক সংঘাতের প্রেক্ষাপটে সেনাসমর্থিত ওই সরকারের দায়িত্ব নেওয়ায় পর দেশে আপাত শান্তিভাব ফিরে এলেও তাদের বিভিন্ন পদক্ষেপে জনমনে ক্ষোভের সঞ্চারও দেখা যায়, আর তারই প্রকাশ ঘটে ছাত্র বিক্ষোভে। ওই সরকারের বিরুদ্ধে এটাই ছিলো প্রথম বিক্ষোভ।
আন্দোলনের মুখে ২১ অগাস্ট জিমনেসিয়াম থেকে সেনা ক্যাম্প সরিয়ে নিতে বাধ্য হয় সরকার। তবে সারাদেশে বিক্ষোভ ছড়িয়ে পড়লে শুরু হয় সংঘাত-সহিংসতা।
২২ অগাস্ট রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র-পুলিশ সংঘাতের সময় গুলিতে নিহত হন রিকশাচালক আনোয়ার। এই দিন সন্ধ্যা থেকে সেনাসমর্থিত সরকার সান্ধ্য আইন জারি করে এবং দেশের সব সরকারি বিশ্ববিদ্যালয় ও বিভাগীয় শহরের কলেজগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়।
২৩ অগাস্ট রাতে আটক করা হয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক আনোয়ার হোসেন ও অধ্যাপক হারুন-অর-রশিদকে। তাদের চোখ বেঁধে নিয়ে যাওয়া হয় অজানা স্থানে। পরে তারা বলেছেন ওই সময় তাদের ওপর চালানো নির্যাতনের কথা।
তখন ঢাবির আরো দুই শিক্ষকসহ সাত ছাত্র এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাঁচ জন শিক্ষক ও পাঁচ জন ছাত্রেেক গ্রেপ্তার করা হয়।
ছাত্র-শিক্ষক-জনতার সম্মিলিত আন্দোলনে সেনা-পুলিশ বাহিনীর পিটুনিতে আহত হয় শত শত ছাত্র-জনতা। সারাদেশে ৮৩ হাজার শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করা হয়। কিন্তু পরবর্তীতে ছাত্র-শিক্ষকদের সম্মিলিত আন্দোলনের কাছে হার মানে সেনা সমর্থিত সরকার। বাধ্য হয়ে মুক্তি দেয় ছাত্র-শিক্ষকদের।
ফখরুদ্দীন-মইনের শাস্তির সুপারিশ
সাধারণ নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরে এলে ঢাবিসহ সারাদেশে অগাস্টের বিক্ষোভের কারণ অনুসন্ধানে আগ্রহী হয় সংসদের শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। সংসদ সদস্য ও ডাকসুর সাবেক ভিপি রাশেদ খান মেননকে আহ্বায়ক করে চার সদস্যের একটি উপকমিটি গঠন করা হয়।
গতবছর কাজ শুরু করার পর উপ-কমিটি সেনা কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীদের বক্তব্য শোনে। ছাত্ররা ২০০৭ সালে জরুরি অবস্থায় ছাত্র-শিক্ষক নির্যাতনের জন্য ওই সময়কার তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ ও তৎকালীন সেনাপ্রধান মইন উ আহমেদকে দায়ী করে।
তবে সংসদীয় কমিটিতে যুক্তরাষ্ট্র থেকে টেলিকনফারেন্সে দেওয়া বক্তব্যে তার সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করেন মইন।
উপ-কমিটি এ বিষয়ে কথা বলার জন্য সাবেক প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদকেও তলব করে। জবাবে বিদেশে অবস্থানরত ফখরুদ্দীন ই-মেইলে তার বক্তব্য পাঠালেও তা পূর্ণাঙ্গ নয় বলে মনে করে সংসদীয় উপকমিটি।
এরপর বিগত তত্ত্বাবধায়ক সরকারের ‘দায়িত্বে থাকা’ ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে প্রতিবেদন চূড়ান্ত করে উপকমিটি।
চলতি বছর ৬ ফেব্রুয়ারি জাতীয় সংসদে উপস্থাপিত ৩৮৩ পৃষ্ঠার ওই প্রতিবেদনে বলা হয়, “তদন্ত কমিটি মনে করে, বিশ্ববিদ্যালয়ে সংঘটিত সহিংস ঘটনায় ছাত্র/শিক্ষকদের ওপর যে অমানবিক নির্বাতন করা হয়েছে তার জন্য সরকার পরিচালনার দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন ও সেনাপ্রধান মইন দায়ী।
এ ধরনের ‘অনভিপ্রেত’ ঘটনা বন্ধে ফখরুদ্দীন-মইনসহ সে সময় প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার দায়িত্বে থাকা মেজর জেনারেল এ টি এম আমিন, ব্রিগেডিয়ার জেনারেল ফজলুল বারী, কর্নেল শামসুল আলমসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইনে বিচারের সুপারিশ করে সংসদীয় কমিটি।
একইসঙ্গে রাজনৈতিক বিষয়ে প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার (ডিজিএফআই) হস্তক্ষেপ ও টিএফআই বা যৌথবাহিনীর জিজ্ঞাসাবাদ সেল বন্ধ করা এবং ডাকসুসহ সব ছাত্র সংসদে নিয়মিত নির্বাচন করার সুপারিশ করা হয় কমিটির প্রতিবেদনে।
