২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বোমাং রাজার শেষকৃত্য শুক্রবার

বান্দরবানে প্রয়াত ১৫ তম বোমাং রাজা অংশৈপ্রু চৌধুরীর শেষকৃত্যানুষ্ঠান আগামী শুক্রবার বিকেলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2012, 03:15 PM

Updated : 24 Aug 2022, 11:58 AM

বান্দরবান, অগাস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বান্দরবানে প্রয়াত ১৫ তম বোমাং রাজা অংশৈপ্রু চৌধুরীর শেষকৃত্যানুষ্ঠান আগামী শুক্রবার বিকেলে। এ উপলক্ষে শহরের বোমাং রাজবাড়িতে বৃহস্পতি ও শুক্রবার দু’দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রয়াত রাজার শেষকৃত্য আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। রাজাকে বহনের জন্য কাঠ দিয়ে বিশাল আকৃতির গাড়ি নির্মাণ সম্পন্ন হয়েছে বুধবার সন্ধ্যায়। গাড়ির সামনের অংশ সাজানোর জন্য বিশেষভাবে ময়ূর তৈরি করা হয়েছে। রাজার শেষকৃত্য উপলক্ষে বৃহস্পতিবার দিনব্যাপী রাজবাড়ি ও রাজার মাঠে চলবে ধর্মীয় প্রার্থনা ও শেষকৃত্যানুষ্ঠানের মহড়া। প্রয়াত বোমাং রাজার শেষকৃত্যানুষ্ঠান শুক্রবার সকালে আনুষ্ঠানিকভাবে শহরের ওয়াপদা ব্রিজ এলাকার কেন্দ্রীয় বৌদ্ধ মহাশ্মশানে অনুষ্ঠিত হবে। প্রয়াত রাজার মরদেহ এখন বিশেষ পদ্ধতিতে রাজবাড়িতে রাখা হয়েছে। গত ৮ অগাস্ট সকাল সোয়া নয়টায় বোমাং সার্কেলের ১৫তম বোমাং রাজা অংশৈপ্রু চৌধুরী ৯৮ বছর বয়সে বার্ধক্যজনিত কারণে শহরের রাজবাড়িতে মারা যান। প্রয়াত বোমাং রাজার দ্বিতীয় ছেলে সাচিংপ্রু জেরী জানান, রাজার শেষকৃত্যানুষ্ঠানের সব প্রস্তুতি প্রায় সম্পন্ন। শেষকৃত্যে সরকারের উর্ধতন কর্মকর্তা, বোমাং সার্কেলের মৌজা প্রধান- হেডম্যান, পাড়া প্রধান- কারবারী, রাজ পরিবারের সদস্য, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি আরো জানান, এ উপলক্ষে ১৫টি দল বৌদ্ধ রীতি অনুযায়ী নানা অনুষ্ঠান, শেষকৃত্যানুষ্ঠানে নেয়ার সময় দীর্ঘ পথব্যাপী ধর্মীয় বাদ্য-বাজনা ও নৃত্য পরিবেশন করবে। এসব প্রস্তুতিও শেষ হয়েছে। প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে বোমাং সার্কেলের প্রজা ও সাধারণ লোকজন প্রয়াত রাজাকে একনজর দেখতে রাজবাড়িতে ভিড় করছেন। প্রয়াত রাজা অংশৈপ্রু চৌধুরী ১৯১৫ সালের ১ অগাস্ট বান্দরবান বোমাং রাজবাড়িতে জন্মগ্রহণ করেন। ১৯৯৮ সালে ১৪ তম বোমাং রাজা মংশৈপ্রু চৌধুরী মারা যাওয়ার পর রাজবাড়ির বয়োজ্যেষ্ঠ সদস্য হিসেবে ৮৪ বছর বয়সে ১৯৯৮ সালের ১৫ নভেম্বর অংশৈপ্রু চৌধুরী বোমাং সার্কেলের ১৫তম রাজার (সার্কেল চিফ) দায়িত্ব গ্রহণ করেন। প্রয়াত অংশৈপ্রু চৌধুরী ১৯৭০ সালের প্রাদেশিক পরিষদ নির্বাচনে পার্বত্য চট্টগ্রাম আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এসময় তিনি ক্ষুদ্র জাতিসত্বা বিষয়ক মন্ত্রীর দায়িত্ব পালন করেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/২১১৪ ঘ.