২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজার সৈকতে নেমে কিশোরের মৃত্যু

ঈদের ছুটিতে সমুদ্র সৈকতে বেড়াতে এসে লাশ হয়ে ফিরল কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীর কিশোর মোহাম্মদ সোহেল (১২)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2012, 02:27 PM

Updated : 24 Aug 2022, 11:58 AM

কক্সবাজার, অগাস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদের ছুটিতে সমুদ্র সৈকতে বেড়াতে এসে লাশ হয়ে ফিরল কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীর কিশোর মোহাম্মদ সোহেল (১২)। বুধবার বিকাল তিনটার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে গোসল করতে গিয়ে পানিতে ডুবে তার মৃত্যু হয় বলে উদ্ধারকর্মীরা জানিয়েছেন। উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের আমতলী গ্রামের শামসুল আলমের ছেলে সোহেল। কক্সবাজার সমুদ্র সৈকতে দায়িত্বরত ‘রবি’ লাইফ গার্ডের পরিচালক সৈয়দ নূর জানান, বিকাল তিনটার দিকে ওই কিশোর টিউব নিয়ে গোসল করতে নামে লাবণী পয়েন্টে। এক পর্যায়ে টিউব উল্টে সে সাগরে ডুবে যায়। প্রায় আধঘন্টা পর তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সোহেলকে মৃত ঘোষণা করেন। নিহত সোহেলের সঙ্গী মহেশখালী থেকে আসা তার চাচাতো ভাই সাইফুল ইসলাম (১২) জানায়, তারা দু’জন কক্সবাজারের ভারুয়াখালীতে ফুফুর বাড়িতে বেড়াতে এসেছিল। ফুফাতো ভাই মোহাম্মদ ফয়সালকে (১২) সঙ্গে নিয়ে সমুদ্র সৈকতে বেড়াতে যায় তারা। “আমরা সবাই সমুদ্র সৈকতে ঘুরে ঘুরে ছবি তুলে চলে যাচ্ছিলাম। ওই সময় হঠাৎ সোহেল দৌড়ে সাগরে নেমে যায়। কিছুক্ষণ পর সে ডুবে যেতে থাকলে তাকে বাঁচাতে আমি ও ফয়সাল সাগরে ঝাপ দিই। পরে আমাদের দু’জনকে লাইফ গার্ডরা উদ্ধার করতে পারলেও অনেকক্ষণ পর সোহেলের লাশ পাওয়া যায়।” সৈয়দ নুর আরো জানান, তারা বুধবার অন্তত ১৪ জন পর্যটককে সমুদ্র থেকে উদ্ধার করেছেন। এদের মধ্যে রুবেল নামে এক পর্যটককে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। ইয়াসির লাইফ গার্ডের পরিচালক মোস্তফা কামাল জানান, তারাও এদিন ২০ জনের বেশি পর্যটককে সমুদ্রে ভেসে যাওয়া থেকে উদ্ধার করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/২০২৪ ঘ.