চট্টগ্রাম, অগাস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাঁশখালীর সাধনপুরে একই পরিবারের ১১ জনকে পুড়িয়ে হত্যা মামলায় বুধবার বাদীর জেরা হয়নি।
বিচারক ছুটিতে থাকায় জেরা হয়নি বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী ও চট্টগ্রাম জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) আবুল হাশেম ।
চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ সৈয়দা হোসনে আরার আদালতে এ মামলার বাদী বিমল চন্দ্র শীলের জেরা চলছে।
পিপি জানান, এই আদালতের দায়িত্বে থাকা পঞ্চম অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রশান্ত কুমার বিশ্বাস আগামী ২৯ অগাস্ট জেরার পরবর্তী দিন ধার্য করেছেন।
চাঞ্চল্যকর ওই ঘটনায় ৩৭ আসামির বিরুদ্ধে গত ১৯ এপ্রিল নতুন করে অভিযোগ গঠন করা হয়। এতে ‘ডাকাতির উদ্দেশ্যে গিয়ে খুন’ এর পরিবর্তে ‘সম্পত্তি দখল করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে খুনের’ অভিযোগ আনা হয়।
তবে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা থাকায় মামলার আসামি বিএনপিনেতা ও সাবেক বন ও পরিবেশ মন্ত্রী জাফরুল ইসলামের চাচাতো ভাই ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরীর বিরুদ্ধে নতুন দুটি ধারায় অভিযোগ আনা হয়নি।
আগের ধারায় অভিযোগ গঠনের পর এ মামলার সাক্ষ্যগ্রহণ শুরুর তারিখ সাত দফা পেছানো হয়েছিল।
২০০৩ সালের ১৮ নভেম্বর রাতে বাঁশখালীর সাধনপুরের শীলপাড়ার তেজেন্দ্র শীলের বাড়িতে হানা দিয়ে তার দোতলা মাটির ঘরে তালা দিয়ে আগুন ধরিয়ে দেয় একদল সন্ত্রাসী। এতে তিনদিনের নবজাতকসহ ওই পরিবারের ১১ জন অগ্নিদগ্ধ হয়ে মারা যায়।
ওই ঘটনায় বেঁচে যাওয়া তেজেন্দ্র শীলের ছেলে ডা. বিমল চন্দ্র শীল বাদি হয়ে বাঁশখালী থানায় একটি হত্যা মামলা করেন।
সাত তদন্ত কর্মকর্তার হাত ঘুরে অষ্টম তদন্ত কর্মকর্তা ২০১১ সালের ৯ জানুয়ারি ৩৯ জনকে আসামি করে এ মামলার অভিযোগপত্র দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/এমসি/এইচএ/১৮০৯ ঘ.
bdnews24