২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিএনজি চালককে জবাই করে হত্যা

সাতকানিয়ার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সিএনজি অটোরিকশা ছিনতাইয়ের জন্য চালককে গলাকেটে হত্যা করেছে সন্ত্রাসীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2012, 07:28 AM

Updated : 24 Aug 2022, 11:58 AM

চট্টগ্রাম, অগাস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতকানিয়ার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সিএনজি অটোরিকশা ছিনতাইয়ের জন্য চালককে গলাকেটে হত্যা করেছে সন্ত্রাসীরা। মঙ্গলবার রাতে সাতকানিয়া থানাধীন কেরানীহাট এলাকার নয়া খালের মুখে এ ঘটনায় জড়িত দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত মো. সেলিম (৪০) লোহাগাড়া থানাধীন আমিরাবাদ উপজেলা এলাকার গোলাম নবী হাজিপাড়া এলাকার বাসিন্দা। গ্রেপ্তারকৃতরা হলেন মো. হায়দার (২০) ও মো. মহিউদ্দিন (১৮)। তারা কক্সবাজার জেলার চকরিয়ার উপজেলার বাসিন্দা। সাতকানিয়া থানার ওসি মো. ইসমাইল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রেপ্তার দুই যুবক আমিরাবাদ থেকে সাতকানিয়া আসার কথা বলে ২০০ টাকায় অটোরিকশাটি ভাড়া করে। রাত সাড়ে ১১টার দিকে নয়া খাল এলাকায় চলন্ত গাড়িতে চালকের গলার ডানপাশে ছুরিকাঘাত করে অটোরিকশাটি ছিনতাই করার চেষ্টার সময় গাড়িটি উল্টে যায়। পেছনে আরেকটি গাড়ির আলো পড়ায় ছিনতাইকারীরা পাশে একটি জঙ্গলে লুকিয়ে থাকে জানিয়ে ওসি বলেন, রাত সাড়ে ৩টার দিকে চলে যাবার সময় কেরানি হাট মৌলভীর দোকান এলাকায় ছিনতাইকারী যুবকদের স্থানীয়রা আটক করে পুলিশকে খবর দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/আরএ/১৩২৫ ঘ.