চট্টগ্রাম, অগাস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা থেকে চট্টগ্রাম আসা আন্তঃনগর ট্রেন তূর্ণা নিশীথার ছাদ থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।
বুধবার বেলা ১১টার দিকে নগরীর পাহাড়তলী সংলগ্ন রেলওয়ের ডকে তূর্ণা নিশীথার একটি বগির ছাদ থেকে অজ্ঞাত পরিচয় ওই যুবকের লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সকালে আসা তূর্ণা নিশীথার বগি পরিচ্ছন্ন করার সময় রেলকর্মীরা একটি বগির ছাদে আনুমানিক ২৫ বছল বয়সী ওই যুবকের মৃতদেহ দেখতে পেয়ে জিআরপি থানায় খবর দেয়।
যুবকের মাথার পেছনে আঘাতের চিহ্ন রয়েছে জানিয়ে জিআরপি থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন কান্তি বড়–য়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঢাকা থেকে চট্টগ্রাম আসার পথে ওই যুবক ট্রেনের ছাদে উঠে এবং পথে রেলওয়ে সেতুর ধাক্কায় মারা যেতে পারে বলে ধারণা করছি।”
ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/১৩১৪ ঘ.
bdnews24