২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবানে পাহাড় কাটতে গিয়ে মৃত্যু ২ শ্রমিকের

বান্দরবান শহরের অক্ষ্যংঝিড়ি পাড়ায় গভীর রাতে পাহাড় কাটতে গিয়ে মাটি চাপা পড়ে দুই শ্রমিক মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2012, 06:02 AM

Updated : 24 Aug 2022, 11:58 AM

বান্দরবান, অগাস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বান্দরবান শহরের অক্ষ্যংঝিড়ি পাড়ায় গভীর রাতে পাহাড় কাটতে গিয়ে মাটি চাপা পড়ে দুই শ্রমিক মারা গেছেন। মঙ্গলবার রাতে অবৈধভাবে পাহাড় কাটার সময় এই দুর্ঘটনা ঘটে বলে সদর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) রুমা বড়–য়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। তিনি বলেন, “পাহাড় কাটার সময় ঘটনাস্থলে দুই শ্রমিকের মৃত্যু হয়। পুলিশ নয় শ্রমিককে আটক করে থানায় নিয়ে এসেছে।” নিহতরা হলেন মো. ইসমাইল (৬৫) ও আবদুল মান্নান (২৮)। ইসমাইল বান্দরবান পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের অক্ষ্যংঝিড়ির বাসিন্দা এবং মান্নান থাকেন ৭ নম্বর ওয়ার্ডের ওয়াপদা ব্রিজের কাছে। নিহত দুজনের বাড়ি পটুয়াখালীর দশমিনা উপজেলায়। ময়না তদন্তের জন্য লাশ দুটি বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অক্ষ্যংছড়ির বাসিন্দা সুবল চাকমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার গভীর রাতে লোকজনের চিৎকার শুনে তিনি ঘর থেকে বেরিয়ে দেখেন পাহাড় ধসে পড়েছে। “এরপর রাত ২টার দিকে পুলিশ, দমকল বাহিনীর সদস্যরা স্থানীয় লোকজনের সহযোগিতায় মাটির নিচ থেকে দুই শ্রমিকের মৃতদেহ উদ্ধার করে,” বলেন তিনি। স্থানীয় কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে জানান, সোনালী ব্যাংকের বান্দরবান শাখার কর্মচারী শ্যামল তঞ্চঙ্গ্যা গত তিন চার দিন ধরে শ্রমিক দিয়ে নিজের মালিকানার ওই পাহাড় কাটছিলেন। পাহাড় কেটে পাশের গর্ত ভরাট চলছিল। মাটিচাপায় কয়েকজন শ্রমিকের আহত হওয়ার তথ্য স্থানীয়রা দিলেও হাসপাতালে এমন কাউকে পাওয়া যায়নি। পুলিশও এ বিষয়ে কোনো তথ্য দিতে পারেনি। ঘটনাস্থলে থাকা বান্দরবান পৌরসভার কাউন্সিলর আবদুল মাজেদও কয়েকজন আহত হওয়ার কথা জানালেও তাদের নাম জানাতে পারেননি। স্থানীয়রা বলছেন, ঘটনা ধাপাচাপা দেওয়ার উদ্দেশ্যে আহতদের হাসপাতালে আনা হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১৫৮ ঘ.