নরসিংদী, অগাস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদী বাজারে দুর্বৃত্তের গুলিতে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
মঙ্গলবার রাত ১১টার দিকে বাজারের দুধপট্টি এলাকায় নিজের ব্যবসায়িক প্রতিষ্ঠানেই তিনি গুলিবিদ্ধ হন বলে পুলিশ ও পরিবারের সদস্যরা জানিয়েছে।
নিহত মঞ্জুর রহমান (৩২) বাজারের রং ও রাসায়নিক ব্যবসায়ী। তার বাড়ি কুমিল্লার মুরাদনগর হলেও তার শ্বশুরবাড়ি নরসিংদীতে। বিয়ের পর থেকে তিনি শহরের পূর্ব দত্তপাড়ায় শ্বশুরবাড়িতেই ছিলেন।
নিহতের স্ত্রী তাসলিমা বেগম সাংবাদিকদের বলেন, প্রতিদিনের মতো দুপুরের খাবার খেয়ে বাড়ি থেকে বাজারে যান। দোকানে থাকা অবস্থায় রাত ১১টার দিকে অজ্ঞাত সন্ত্রাসীরা তাকে লক্ষ করে গুলি চালায়।
গুলিবিদ্ধ মঞ্জুরকে নরসিংদী সদর হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শীতল দেবনাথ জানান, মঞ্জুর রহমানের গলায় দুটি এবং বুকে একটি গুলি লেগেছে।
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানিয়েছেন নরসিংদী সদর মডেল থানার ওসি মো. আসাদুজ্জামান।
তিনি বলেন, “প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, হত্যাকারীরা নিহতের পূর্ব পরিচিত।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/০৮৪০ ঘ.
bdnews24