নাটোর, অগাস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদে আনন্দ ভ্রমণে বের হওয়া নাটোরের ছয় কিশোর সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।
মঙ্গলবার দুপুর ১২টার দিকের এই দুর্ঘটনার পর স্থানীয়রা নাটোর-পাবনা সড়কে দুটি গাড়িও ভাংচুর করে বলে পুলিশ জানিয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে ওই সড়কের বড়াইগ্রাম উপজেলার গড়মাটি বটধর এলাকায়।
নিহতরা হলেন- কুষ্টিয়ার দৌলতপুর থানার মাবিয়া গ্রামের লালু মিয়ার ছেলে জয়নাল হোসেন (১৬), আরজান আলীর ছেলে মিলন (১৪), শফিউল ইসলামের ছেলে সুজন (১৫), খলিল উদ্দিনের ছেলে নান্টু (১৫) ও ভুটভুটি চালক মতিয়ার রহমান (২৫)। বাকি একজনের পরিচয় এখনো জানা যায়নি।
পুলিশ সন্ধ্যায় ময়নাতদন্ত ছাড়াই আত্মীয়স্বজনের কাছে পাঁচজনের লাশ হস্তান্তর করেছে। দুর্ঘটনার জন্য দায়ী বিআরটিসি বাসের চালক রানা গাজীকে (২৫) আটক করা হয়েছে।
মহাসড়ক পুলিশের বনপাড়া থানার পরিদর্শক দীন ই আলম সাংবাদিকদের বলেন, ঈদের পরদিন স্থানীয় বিভিন্ন স্কুলের প্রায় ৩০ ছাত্র তিনটি ভটভটি নিয়ে আনন্দ শোভাযাত্রায় বের হয়েছিল। তাদের নাটোরের রাজবাড়ী ও উত্তরা গণভবনে বেড়ানোর কথা ছিল।
দুপুর ১২টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের গড়মাটি বটধর এলাকায় রংপুুরগামী একটি বিআরটিসি বাস একটি ভটভটিকে চাপা দেয়। এতে ওই ভটভটির আরোহী চার যুবক ঘটনাস্থলে এবং দুজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
“স্থানীয় লোকজন ও আহতদের সঙ্গে কথা বলে জানা গেছে, যুবকরা ভটভটির মধ্যে গান করছিল। ফলে চালক পিছনে বাস থাকার বিষয়টি খেয়াল করেননি। ফাঁকা রাস্তা পেয়ে বাস চালকও বেপরোয়া চালাচ্ছিলেন। এ কারণে দুর্ঘটনা ঘটছে বলে পুলিশ ধারণা করছে”, বলেন পুলিশ কর্মকর্তা আলম।
আহতদের প্রথমে নাটোর সদর হাসপাতালসহ স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়। পরে তাদের ৫ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং ছয়জনকে কুষ্টিয়া সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
দুর্ঘটনার পরপরই জনতা সড়ক অবরোধ করে। তারা অন্য একটি বিআরটিসি বাস এবং একটি অ্যাম্বুলেন্স ভাংচুর করে। পরে পুলিশ ও বড়াইগ্রামের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
পুলিশ পরিদর্শক দীন ই আলম বলেন, বিআরটিসি বাসটি বনপাড়ায় আটক করা হয়েছে। আটক হয়েছেন এর চালকও। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
কেরানীগঞ্জে দুর্ঘটনায় নিহত ৩ শিশু
ঢাকার কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর এলাকায় বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিন শিশু নিহত ও পাঁচজন আহত হয়েছেন।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহতরা হলেন, মিলন (১০), আব্দুল বাতেন (১৪) ও সজিব (১০)।
দুর্ঘটনায় আহত কাওসার (৩০), শারমিন (২৫), ফরহাদ (১২), শাহিন (১০) ও আভিরণকে (৩৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানায়।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি শাখাওয়াত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মাওয়াগামী সিরাজদিখান পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীতমুখী একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে অটোরিকশার আরোহী বাতেন ও মিলন ঘটনাস্থলে নিহত হন। সজিবকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনায় হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী। বাসটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে বলে ওসি শাখাওয়াত জানান।
কুমিল্লায় নিহত ৪ মোটরসাইকেল আরোহী
কুমিল্লার চান্দিনা ও চৌদ্দগ্রামে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় চার মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার চান্দিনার নুরিতলায় কোনো ভারী বাহনের চাপায় তিন মোটরসাইকেল আরোহী এবং চৌদ্দগ্রামের বাতিশা এলাকায় বাসচাপায় আরো এক মোটরসাইকেল আরোহী নিহত হন বলে জানায় পুলিশ।
ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. মাসুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম সড়কে নুরিতলায় কোনো একটি ভারি বাহন তিন মোটরসাইকেল আরোহীকে চাপা দিয়ে পালিয়ে যায়।
এতে ঘটনাস্থলেই একজন ও পরে চান্দিনা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেওয়ার পথে আরো দুইজন মারা যান। এরা হলেন- কুমিল্লার বরুরা উপজেলার শ্রীকান্ত (৩৫), প্রশান্ত কুমার সিংহ (৩০) এবং মানিক চন্দ্র (২৮)।
তাদের লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান মাসুক।
চৌদ্দগ্রাম থানার ওসি মোজাম্মেল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর ২টায় ফেনী থেকে কুমিল্লাগামী মদিনা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাতিশা এলাকায় রাস্তার পাশের ‘মিশন’ নামে একটি রেস্তোরাঁয় ঢুকে পড়ে।
এ সময় রেস্তোরাঁর সামনে মোটরসাইকেলে বসা এক যুবক ঘটনাস্থলেই নিহত হন। আহত হন অন্তত আরো ১০ জন।
নিহত সাইফুল (২৭) ঢাকার কেরানীগঞ্জের দরবেশ আলীর ছেলে। আহতদের বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি।
হাটহাজারীতে অটোযাত্রী নিহত
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার কাটিরহাটে সড়ক দুর্ঘটনায় ইয়াসমীন আক্তার (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি কাটিরহাট পশ্চিম ধলই গ্রামের আব্দুর রহমানের স্ত্রী।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির কনস্টেবল ইসমাইল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একটি অটোরিকশায় করে যাচ্ছিলেন ইয়াসমীন। অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি খুঁটিতে আঘাত করলে ইয়াসমীন গুরুতর আহত হন।
ইয়াসমীনকে চমেক হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাগেরহাটে পথচারী নিহত
বাগেরহাটে ট্রাকচাপায় কাইয়ুম ফকির (৫৫) নামে এক পথচারী নিহত হয়েছেন।
বাগেরহাট মডেল থানার উপ-পরিদর্শক অনুকূল সরকার জানান, মঙ্গলবার বিকেলে বাগেরহাট-খুলনা সড়কের খানজাহান মাজার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। খুলনা থেকে পিরোজপুগামী একটি পণ্যবাহী ট্রাক কাইয়ুমকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কাইয়ুম বাগেরহাট সদর উপজেলার পাটরপাড়া গ্রামের ইসমাঈল ফকিরের ছেলে। পুলিশ লাশ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
আহত মোটরসাইকেল আরেহীর মৃত্যু
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসী-গাইবান্ধা সড়কে সোমবার রাতে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে আহত এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
নিহত মোটরসাইকেল আরোহী রুবেল মিয়া (৩৫) ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের চন্দিয়া গ্রামের সায়দার রহমানের ছেলে।
বালাসীঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ অশোক সিংহ জানান, সোমবার রাতে গাইবান্ধা শহর থেকে বাড়ি ফেরার পথে রুবেলের মোটসাইকেলের সঙ্গে একটি অটোরিকশার সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।
আহত অবস্থায় তাকে প্রথমে গাইবান্ধা সদর আধুনিক হাসপাতাল এবং পরে রংপুর মেডিকেলে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে মারা যান রুবেল।
বাস ডোবায়, আহত ২০
বরিশাল সদর উপজেলার চরকাউয়া খেয়াঘাট-গোমা রুটে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ডোবায় পড়ে ২০ জন আহত হয়েছেন।
বাকেরগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. কামাল পাশা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার দুপুরে সড়কের বাইন বাড়ীর সামনে এ দুর্ঘটনা ঘটে।
জহিরুল এন্টারপ্রাইজ নামের বাসটি গোমা থেকে যাত্রী নিয়ে চরকাউয়া খেয়াঘাটে যাওয়ার সময় আরেকটি বাসকে পাশ কাটানোর সুযোগ দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায় পড়ে যায়।
আহতদের মধ্যে ৫ জনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে কামাল পাশা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/কেটি/এমআই/জেকে/২২৫৫ ঘ.
bdnews24