মুন্সীগঞ্জ, অগাস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদ সামনে রেখে মুন্সীগঞ্জে ব্যস্ত মহাসড়কে দুই বাসের সংঘর্ষে ৫ জন নিহত ও ৫০ জন আহত হয়েছেন।
গজারিয়া থানার ওসি শহিদুল ইসলাম জানান, শুক্রবার দুপুর দেড়টার পর গজারিয়া উপজেলার জমালদি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে দুর্ঘটনা কবলিত বাস দুটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।
ওসি জানান, কুমিল্লার হোমনা থেকে ঢাকাগামী একটি বাসের সামনের চাকা হঠাৎ ফেটে গেলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ফলে ঢাকা থেকে চাঁদপুরগামী ‘ফরিদগঞ্জ সুপারের’ সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে চাঁদপুরগামী বাসের চালক এবং চালকের আসনের পাশে বসা তিন নারী যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। তাদের পরিচয় জানা যায়নি।
আহতদের চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে তার মধ্যে একজনের মৃত্যু হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন ঢামেক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক। তবে নিহতের পরিচয় জানাতে পারেননি তিনি।
আহতদের মধ্যে ১৯ জনকে গজারিয়ার ভবেরচর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে বলে ওসি শহিদুল ইসলাম জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেটি/জেকে/এমআই/২০৫৫ ঘ.
bdnews24