গাজীপুর, অগাস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদ উপলক্ষে রাষ্ট্রপতি সাজা মওকুফ করায় গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে ছিনতাই মামলার দুই আসামিকে মুক্তি দেওয়া হয়েছে।
তারা হলেন- কুমিল্লার হোমনার সাপমারা গ্রামের মো. খোকনের ছেলে মো. শহিদুল ইসলাম (২৯) এবং খুলনার দিঘলীয়ার চাঁদনীমহল গ্রামের এসরাইল খাঁনের ছেলে মো. একরাম খান (২৬)।
মঙ্গলবার দুপুরে কারাগারের পার্ট-২ থেকে তাদের মুক্তি দেওয়া হয় বলে জানায় কারা কর্তৃপক্ষ।
কারারক্ষক সুভাষ চন্দ্র ঘোষ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাজধানীর মতিঝিল থানার একটি ছিনতাই মামলায় ২০০৮ সালে শহিদুলের পাঁচ বছর এবং একই সালে পল্টন থানায় অপর একটি ছিনতাই মামলায় একরাম খানেরও পাঁচ বছরের সাজা হয়।
“২০০৮ সাল থেকে তারা কাশিমপুর কারাগারে ছিলেন। ঈদ উপলক্ষে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান এক আদেশে তাদের বাকি সাজা মওকুফ করেন”, বলেন কারারক্ষক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/২০১৪ ঘ.
bdnews24