ঢাকা, অগাস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভুল তথ্য দিলে শাস্তির বিধান রেখে জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন সংশোধন করেতে যাচ্ছে সরকার।
মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে সংশোধিত আইনের খসড়া অনুমোদিত হয়।
সংশোধিত আইনে ভুল তথ্য দেওয়ার পাশাপাশি তথ্য দিতে অস্বীকৃতি জানালেও শাস্তির বিধান রাখার প্রস্তাব করা হয়েছে।
তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের জানান, ‘জন্ম ও মৃত্যু নিবন্ধন (সংশোধন) আইন-২০১২’ এর খসড়া মন্ত্রিসভায় নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।
“বর্তমানে আরো কিছু সংশোধনীর প্রয়োজন দেখা দেওয়ায় এটি খসড়া আকারে অনুমোদন দেওয়া হয়েছে,” বলেন তিনি।
সচিব জানান, সংশোধিত আইনের খসড়ায় ভুল তথ্য এবং তথ্য দিতে অস্বীকৃতি জানালে ৫০০ থেকে ৫ হাজার টাকা জরিমানা এবং অনধিক ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের কথা বলা হয়েছে।
জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন ১৮৮৩ সালে প্রণীত হয় এবং ২০০৪ সালে এতে সংশোধন আসে।
নতুন করে সংশোধনের কারণ ব্যাখ্যা করে সচিব বলেন, সরকারি কাজে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহারে সুবিধার জন্য এই সংশোধন প্রয়োজন।
খসড়ায় জন্ম ও মৃত্যু নিবন্ধনের জন্য ১৭ ডিজিটের পিনের (ব্যক্তিগত সনাক্তকরণ নম্বর) কথা বলা হয়েছে।
প্রবাসীদের এই নিবন্ধনের জন্য বিদেশে বাংলাদেশের রাষ্ট্রদূতদের ক্ষমতা দেওয়া হবে।
এই নিবন্ধন প্রক্রিয়ার সুবিধায় রেজিষ্ট্রার জেনারেল নিয়োগ করা হবে বলেও জানান মোশাররাফ হোসাইন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৮০৩ ঘ.
bdnews24