দিনাজপুর, অগাস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনাজপুরের চিরিরবন্দরে এক স্কুল শিক্ষকের অনৈতিক সম্পর্কের জেরে ছাত্রীর আত্মহত্যার অভিযোগ উঠেছে।
স্থানীয় এএসএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিন পারভেজ এবং সহকারী প্রধান শিক্ষক আবুবক্কর সিদ্দিকের বিরুদ্ধে ছাত্রীটির বাবা থানায় মামলা করেছেন।
এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী সোমবার মিছিল করে স্কুলটিতে তালা ঝুলিয়ে দিয়েছে।
এদিকে শিক্ষামন্ত্রীর নির্দেশে বিকালে দিনাজপুরের জেলা প্রশাসক ও পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ময়নাতদন্তের পর ছাত্রীর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সন্ধ্যায় তার শেষকৃত্য করা হয়।
স্বজনদের বরাত দিয়ে চিরিরবন্দর থানার ওসি (তদন্ত) হারিছ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পলাশবাড়ি গ্রামের এএসএম উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক ওই স্কুলের ৮ম শ্রেণির ছাত্রী অবিনাশ চন্দ্র রায়ের মেয়ে দিতি রানী রায়কে বাড়িতে এসে বিনা বেতনে প্রাইভেট পড়াতেন।
এই সুযোগে শিক্ষক আবুবক্কর পরীক্ষায় বেশি নম্বর দেওয়াসহ বিভিন্ন প্রলোভভন দেখিয়ে অনৈতিক সম্পর্ক গড়ে তোলেন।
গত ২২ জুন আবু বক্কর সিদ্দিক মেয়েটিকে তার মোটরসাইকেলে নিয়ে সারাদিন অজ্ঞাত স্থানে কাটান। সন্ধ্যায় মেয়েটি বাড়ি ফিরে বাবা-মাকে ঘটনাটি জানালে লোকলজ্জার ভয়ে বিষয়টি গোপন রাখা হয়।
কিন্তু স¤প্রতি বিষয়টি এলাকায় জানাজানি হয়ে গেলে ৬ অগাস্ট মেয়েটির বাবা স্কুলের প্রধান শিক্ষক শাহিন পারভেজকে লিখিতভাবে অভিযোগ করেন।
ওসি হারিছ উদ্দিন আরো বলেন, প্রধান শিক্ষক দ্রুত ব্যবস্থা না নিয়ে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। এদিকে ঘটনাটি ছড়িয়ে পড়লে মেয়েটি ১১ অগাস্ট রাতে বাড়িতে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
পুলিশ কর্মকর্তা বলেন, রোববার (১২ অগাস্ট) অবিনাশ রায় বাদী হয়ে আবু বক্কর সিদ্দিক এবং প্রধান শিক্ষক শাহিন পারভেজকে আসামী করে চিরিরবন্দর থানায় একটি মামলা করেছেন।
এদিকে দিতির আত্মহত্যার খবর পেয়ে আবুবক্কর ও প্রধান শিক্ষক পালিয়ে গেছেন। বিক্ষুব্ধ এলাকাবাসী মিছিল করে স্কুলটিতে তালা লাগিয়ে দিয়েছে।
জেলা প্রশাসক জামাল উদ্দিন আহমেদ বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকমকে বলেন, শিক্ষামন্ত্রীর নির্দেশ পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
অপরাধীর কঠোর শাস্তি হবে। কর্তব্যে অবহেলা এবং অপরাধীকে রক্ষার চেষ্টা দায় নিতে হবে প্রধান শিক্ষককে।
অভিযুক্ত দুই শিক্ষকের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি চেয়ে জেলা প্রশাসনের পক্ষথেকে শিক্ণষা মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হবে বলেও জেলা প্রশাসক জানান।
জেলা প্রশাসক লাশ দাহের জন্য তাৎক্ষণিকভাবে দিতির পরিবারকে পাঁচ হাজার টাকা দেন।
পুলিশ সুপার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনাটি আগেই পুলিশের নজরে আনতে পারলে শিশু দিতিকে যেমন রক্ষা করা যেত, তেমনি দ্রুত আইনানুগ ব্যবস্থাও নেওয়া যেত। তারপরও অপরাধীদের যত দ্রুত সম্ভব গ্রেপ্তার করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২১০ ঘ.
bdnews24