বাগেরহাট, অগাস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনা সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) তিন কর্মকর্তার বিরুদ্ধে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার বিকালে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের (বাগেরহাট-খুলনা-সাতক্ষীরা) সহকারী পরিচালক মো. আমিনুল ইসলাম বাদী হয়ে খুলনার সোনাডাঙ্গা মডেল থানা এবং কোতোয়ালি থানায় এ মামলা দুটি করেন।
মামলায় এক ঠিকাদারকেও আসামি করা হয়েছে।
আসামিরা হলেন- সওজ খুলনা সার্কেলের সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ কে এম মোশাররফ হোসেন, খুলনা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. বুলবুল হোসেন এবং সাবেক বিভাগীয় হিসাবরক্ষণ কর্মকর্তা শেখ মনিরুল ইসলাম এবং ঠিকাদারী প্রতিষ্ঠান এনামুল হক প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবু রহিম মোহম্মদ ইথেন পারভেজ।
মোশাররফ হোসেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী হিসেবে পদোন্নতি নিয়ে ২০০৭ সালে অবসরে গেছেন। তিনি বর্তমানে ঢাকার ধানমন্ডি এলাকায় বসবাস করছেন।
মো. বুলবুল হোসেন যশোর কার্যালয়ে তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে এবং শেখ মনিরুল ইসলাম নরসিংদী কার্যালয়ে বিভাগীয় হিসাবরক্ষণ কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন।
দুদক কর্মকর্তা মো. আমিনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গল্লামারী-বটিয়াঘাটা-দাকোপ সড়কে একটি সেতু নির্মাণ কাজে সওজ কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতি ও ঠিকাদারকে অবৈধ সুবিধা দেওয়ার অভিযোগ পাওয়ায় এ দুটি মামলা করা হয়েছে।
সোনাডাঙ্গা মডেল থানার ওসি এস এম কামরুজ্জামান এবং কোতোয়ালি থানার উপ-পরিদর্শক রওশন আরা দুদকের দুটি মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২২০৮ ঘ.
bdnews24