ঢাকা, অগাস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া শুক্রবার ওমরাহ পালন করবেন ।
তার প্রেস সচিব মারুফ কামাল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার বিরোধী দলীয় নেতা জেদ্দা থেকে মক্কা যাবেন। সেখানে মসজিদুল হারামে জুমার নামাজ আদায় এবং বাদ আসর ওমরাহ পালন করবেন তিনি।
ওমরাহ পালন শেষে খালেদা জিয়া দেশ ও জাতি এবং মুসলিম উম্মার শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করবেন।
প্রেস সচিব আরো জানান, মক্কায় মাগরিব, এশা ও তারাবীর নামাজ শেষে রাতে সফর সঙ্গীদের নিয়ে খালেদা জিয়া আবার জেদ্দার তায়েফে রয়্যাল কনফারেন্স প্যালেসে ফিরে আসবেন।
বিরোধী দলীয় নেতা রাজকীয় মেহমান হিসেবে এই প্যালেসে অবস্থান করছেন।
খালেদার ছোট ছেলে আরাফাত রহমানের স্ত্রী শর্মিলা রহমানসহ তার দুই কন্যা সন্তান রাজকীয় মেহমান হিসেবে সৌদি আরবে বিরোধী দলীয় নেতার সঙ্গে যোগ দিয়েছেন।
এছাড়া বিএনপি চেয়ারপারসনের সফরসঙ্গী হিসেবে আছেন, খালেদার ছোট ভাই শামীম এস্কান্দারের স্ত্রী কানিজ ফাতেমা ও তার এক ছেলে, সৌদি আরবে বিরোধী দলীয় নেতার বিশেষ প্রতিনিধি এনামুল হক চৌধুরী, বিরোধী দলীয় নেতার সহকারি একান্ত সচিব সুরতুজ্জামান।
এর আগে বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় জেদ্দা কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান খালেদা জিয়া। বিমানবন্দরে রাজকীয় প্রটোকলের কর্মকর্তা, স্থানীয় বিএনপির নেতা-কর্মী ও প্রবাসীরা তাকে অভ্যর্থনা জানান। এরপর তাকে তায়েফে রয়্যাল কনফারেন্স প্যালেসে নিয়ে যাওয়া হয়।
বুধবার সন্ধ্যায় অ্যামিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন খালেদা জিয়া।
খালেদা জিয়ার প্রেসসচিব মারুফ কামাল খান জানান, ওমরাহ পালন শেসে বিরোধী দলীয় নেতা মদিনা যাবেন। সেখানে মসজিদে নব্বীতে বিরোধী দলীয় নেতা বিশেষ ইবাদতে বসবেন।
২৭ রমজান শবে কদর পালন শেষে তিনি দেশে ফিরবেন বলে জানান প্রেস সচিব।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/১৯৫৩ ঘ.
bdnews24