ঢাকা, অগাস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার কেরানীগঞ্জে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে ফুটপাতের এক হকার নিহত হয়েছেন।
নিহত মো. মাসুম (২৭) জিনজিরার শহীদনগর এলাকায় ফুটপাতে গেঞ্জি বিক্রি করতেন বলে পুলিশ জানায়।
কেরানীগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রজব আলী বলেন, “বুধবার রাতে বাসায় ফেরার পথে সন্ত্রাসী হামলার শিকার হন মাসুম। সন্ত্রাসীরা তাকে ছুরিকাঘাতে হত্যা করে পালিয়ে যায়।”
“পূর্ব শত্র“তার জের ধরে নাকি ছিনতাইকারীরা মাসুমকে হত্যা করেছে সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।”
মাসুমের বড় ভাই মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মাসুম প্রতিদিন গেঞ্জির দোকান বন্ধ করে রাত ২টার পর অমৃতপুরের বাসায় যায়। কিন্তু গত রাতে সে বাসায় ফেরেনি।
সকালে মাসুমের মৃতদেহ শহীদনগর বালুর মাঠে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয় বলে জানান তিনি।
তিনি জানান, তিন ভাইয়ের মধ্যে মাসুম ছিলেন দ্বিতীয়। তাদের গ্রামের বাড়ি মাদারীপুরের শিবচর উপজেলায়।
ময়নাতদন্তের জন্য লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান এসআই রজব আলী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএইচ/১৩৩৪ ঘ.
bdnews24