২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেলিটক কার্যালয় থেকে টাকা চুরি

রাষ্ট্রায়ত্ত্ব মোবাইল ফোন কোম্পানি টেলিটকের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয় থেকে লক্ষাধিক টাকা চুরি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2012, 08:42 AM

Updated : 24 Aug 2022, 11:54 AM

চট্টগ্রাম, অগাস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাষ্ট্রায়ত্ত্ব মোবাইল ফোন কোম্পানি টেলিটকের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয় থেকে লক্ষাধিক টাকা চুরি হয়েছে। চট্টগ্রাম নগরীর দামপাড়া এম এম আলী সড়কের মুখের ইদ্রিস সেন্টারের দ্বিতীয় তলায় টেলিটকের কার্যালয় থেকে মঙ্গলবার রাতের কোনো এক সময় এ চুরি হয়েছে বলে ধারণা করছে পুলিশ। চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মোস্তাক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, টেলিটকের কর্মকর্তারা বুধবার সকালে কার্যালয়ে চুরির বিষয়ে পুলিশে খবর দেয়। টেলিটক চট্টগ্রাম কার্যালয়ের উপ-ব্যবস্থাপক জাকারিয়া আহামেদ বাকী জানান, কার্যালয় থেকে নগদ এক লাখ ১৮হাজার ৪৬৩ টাকা চুরি হয়েছে। কার্যালয়ের বাইরের শাটার ভাঙার পাশাপাশি ভেতরে কয়েকটি কক্ষের লকার ভাঙা অবস্থায় পাওয়া গেছে। এছাড়া কার্যালয়ের ভেতরের নিরাপত্তা সংশ্লিষ্ট দরজার লকারও ভেঙে ফেলা হয়েছে বলে জানান তিনি। টেলিটক কর্মকর্তা জাকারিয়া জানান, কার্যালয়ের তিনটি কক্ষের তিনটি লকার ভেঙে এসব টাকা নেওয়া হয়েছে। কার্যালয়ে ল্যাপটপ. মোবাইল রিচার্জ কার্ড ও সিম কার্ড থাকলেও সেগুলো খোয়া যায়নি বলে জানান তিনি। পুলিশ কর্মকর্তা মোস্তাক আহমেদ বলেন, ঘটনা তদন্তে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সহায়তা চাওয়া হয়েছে। এছাড়া চুরির সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ টিম কাজ করছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/এমসি/এএইচ/১৪৩৯ ঘ.