ঢাকা, অগাস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হুমায়ূন আহমেদের মৃত্যু নিয়ে কাদা ছোড়াছুড়ি বন্ধের অনুরোধ জানিয়েছেন দেশের সাহিত্য ও সংস্কৃতি জগতের নেতৃত্বস্থানীয় ১৭ ব্যক্তি।
বৃহস্পতিবার সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসিরউদ্দিন ইউসুফ স্বাক্ষরিত এক বিবৃতিতে এই অনুরোধ জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, তার মতো এমন একজন লেখককে নিয়ে সম্প্রতি যে ধরনের নোংরামি লক্ষ্য করা যাচ্ছে, তা অত্যন্ত অনাকাক্সিক্ষত, অশোভন ও নিন্দনীয়। এই ধরনের অনাবশ্যক প্রচারণা ও কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানাচ্ছি।
স্ত্রী মেহের আফরোজ শাওনের গাফিলতিতে হুমায়ূনের মৃত্যু হয়েছে দাবি করে বুধবার চট্টগ্রামের আদালতে একটি মামলা হয়েছে। যুক্তরাষ্ট্রের বাংলা সংবাদপত্রগুলোতেও এ নিয়ে বিভিন্ন ধরনের সংবাদ প্রকাশ হচ্ছে।
বিবৃতিতে স্বাক্ষরদাতাদের মধ্যে লেখকের ভাই মুহম্মদ জাফর ইকবালও রয়েছেন। এছাড়াও রয়েছেন অধ্যাপক আনিসুজ্জামান, সৈয়দ শামসুল হক, সৈয়দ মনজরুল ইসলাম, আলী যাকের, ফেরদৌসী মজুমদার, আসাদুজ্জামান নূর, জুয়েল আইচ, ইমদাদুল হক মিলন প্রমুখ।
বিবৃতিতে তারা বলেন, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত অনভিপ্রেত প্রচারণার খবর এবং কিছু কিছু অযাচিত পদক্ষেপে তার পরিবারের সদস্যরা ও গুণমুগ্ধ ভক্তরা ব্যথিত ও মর্মাহত।
দীর্ঘ চার দশক ধরে হুমায়ূন আহমেদ অনন্য সাধারণ প্রতিভার গুণে সাহিত্য, টিভি নাটক, চলচ্চিত্র এবং গানের মাধ্যমে বাংলাদেশের জনগণকে অনাবিল আনন্দ দিয়েছেন।
“আমরা মনে করি আমাদের কালের জনপ্রিয়তম এ লেখকের প্রয়াণে যেন আর কোনো কাদা ছোড়াছুড়ি না হয়,” বলা হয় বিবৃতিতে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচপি/এমআই/২২৪৪ ঘ.
bdnews24