ঢাকা, অগাস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর দক্ষিণখানে অবসরপ্রাপ্ত এক সেনা সদস্য ও তার স্ত্রীকে হত্যার ঘটনায় অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তদের আসামি করে একটি মামলা হয়েছে।
দক্ষিণখান থানার ওসি (তদন্ত) কায়কোবাদ কাজী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নিহত দম্পতির বড় ছেলে মোহাম্মদ সালাউদ্দিন বুধাবার ভোরে মামলাটি করেন।
এক হতাকাণ্ডে জড়িত সন্দেহে বুধবার বিকাল পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে জানান ওসি।
মঙ্গলবার সন্ধ্যায় দক্ষিণখানের শহীদনগরের বাসায় খুন হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার নাসির উদ্দিন (৬৩) ও তার স্ত্রী মাহমুদা খাতুন মুক্তা (৫৬)।
নাসিরের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তার স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
ওসি কায়কোবাদ কাজী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লাশের ময়নাতদন্ত শেষে বনানী করস্থানে নিহত দম্পতিকে দাফন করা হবে।
কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে জানতে চাইলে তিনি বলেন, “বাড়ির রাস্তা নিয়ে বিরোধ রয়েছে এবং পারিবারিক ঝামেলাও রয়েছে। এই দুটি দিক সামনে রেখেই পুলিশ তদন্তে এগোচ্ছে।”
প্রতিবেশীরা জানান, নাসির ও মুক্তা প্রায় পনের বছর ধরে ওই বাড়িতে বাসবাস করছিলেন। নামাজের সময় ছাড়া নাসির উদ্দিন বাড়ি থেকে খুব একটা বের হতেন না।
পুলিশের ধারণা, দুর্বৃত্তরা প্রথমে নাসির উদ্দিনের স্ত্রীকে হত্যা করে। নাসির বাজার থেকে ফেরার পর তাকেও খুন করে তারা পালিয়ে যায়।
র্যাব-১ এর উপ-অধিনায়ক মোস্তাক আহমেদ মঙ্গলবার সাংবাদিকদের বলেন, “ঘরের মধ্যে কিছু কাগজপত্র পাওয়া গেছে, যেগুলো স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরাবর লেখা। ওই কাগজপত্র দেখে মনে হচ্ছে জমি নিয়ে বিরোধের জের ধরে তাদের খুন করা হয়ে থাকতে পারে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কেটি/জেকে/১৫৩৫ ঘ.
bdnews24