চট্টগ্রাম, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের মিরসরাই উপজেলা থেকে বিদেশি পিস্তল ও গুলিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার ভোর ৬টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিজামপুর এলাকা থেকে একটি জার্মানির তৈরি পিস্তল ও ১০ রাউনড গুলিসহ তাদের গ্রেপ্তার করা হয়।
এরা হলেন-লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার কমড়দিয়া গ্রামের মোহাম্মদ ইব্রাহীমের ছেলে মোহাম্মদ সুমন (২৮), একই এলাকার মোহাম্মদ রশিদের ছেলে মোহাম্মদ আলম (৩৮) ও চট্টগ্রাম মহানগরীর আন্দরকিল্ল¬া এলাকার নুর মিয়ার ছেলে নুর আলম (২০)।
এসময় তাদের বহনকারী একটি প্রাইভেট কারও আটক করা হয়।
মিরসরাই থানার পরিদর্শক (তদন্ত) ইমতিয়াজ এমএকে ভূইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চট্টগ্রাম থেকে লক্ষ্মীপুর যাবার পথে নিজামপুর কলেজ সংলগ্ন মসজিদের সামনে প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে পিস্তল-গুলিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/১৭৩৪ ঘ.
bdnews24