চট্টগ্রাম, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম মহানগরীর কোরবানীগঞ্জে র্যাবের এক ‘সোর্স’কে পিটুনি দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ, ওই ব্যক্তি এক ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করেছিল।
বৃহস্পতিবার বেলা ৩টার দিকে কোরবানীগঞ্জে এ ঘটনা ঘটে। ওই সময় সোর্সের সঙ্গে আসা র্যাবের দুই সদস্যও বিপাকে পড়েন।
র্যাবের ওই সোর্সের নাম মো. মহিউদ্দিন (২৬)। তার বাড়ি হাতিয়ায়।
পুলিশ জানায়, মহিউদ্দিন কোরবানীগঞ্জ এলাকার মাহিম টেলিকমের মালিক মো. সবুরের কাছ থেকে বেশ কয়েকদিন ধরে মোবাইল ফোনে ২৫ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিল। না দিলে র্যাব সদস্যদের দিয়ে হয়রানির হুমকিও দেন তিনি।
বৃহস্পতিবার বেলা ১২টার দিকে মহিউদ্দিন চাঁদা দাবি করলে সবুর তাকে দোকনে আসতে বলেন। তিনি বেলা ৩টার দিকে র্যাবের এএসআই ও কনস্টেবল পদমর্যাদার দুই সদস্যকে নিয়ে আসেন বলে সবুর পুলিশকে জানিয়েছে।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) সদীপ কুমার দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘সোর্স’ মহিউদ্দিন মোবাইল ব্যবসায়ী সবুরের সঙ্গে দেখা করতে গেলে স্থানীয় লোকজন পিটুনি দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করে।
ব্যবসায়ী সবুর বাদি হয়ে মহিউদ্দিনকে আসামি করে একটি মামলা করেছেন বলে জানান তিনি।
এ প্রসঙ্গে র্যাব-৭ এর উপপরিচালক ও চান্দগাঁও ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নুরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সরাসরি ‘সোর্স’ না হলেও মাঝেমধ্যে সে (মহিউদ্দন) আমাদের তথ্য দিত।”
বিষয়টি তদন্ত করে দেখা হবে জানিয়ে তিনি বলেন, চাঁদা দাবিতে র্যাবের কারো সম্পৃক্ততা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/২২৫৮ ঘ.
bdnews24