২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএসএফের উদ্ধার করা লাশটি ‘বাংলাদেশির’

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত থেকে এক রাখালকে ভারতে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2012, 03:02 PM

Updated : 24 Aug 2022, 11:48 AM

লালমনিরহাট, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত থেকে এক রাখালকে ভারতে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। বুধবার পাটগ্রাম পৌরসভার কোটতলী রেলওয়ে কলোনি এলাকার আবু আলম (২০) নিখোঁজ হন। বৃহস্পতিবার নদী থেকে বিএসএফ একটি লাশ উদ্ধারের পর স্থানীয়রা দাবি করেছেন, লাশটি আলমেরই। অবশ্য পরিচয় নিশ্চিত না হওয়ায় মরদেহ এখনো বিজিবির কাছে হস্তান্তর করেনি বিএসএফ। আলমের স্ত্রী মোহসেনা আক্তার সুমী (২০) সাংবাদিকদের বলেন, “বুধবার রাতে গরু পারাপারকারী দলের নেতা রাসেল বাড়ি এসে তাকে জানিয়েছে বিএসএফ আলমকে আটক করেছে। তারপর থেকে তার কোনো খোঁজ নেই।” এদিকে বৃহস্পতিবার এক যুবকের লাশ উদ্ধারের পর বাংলাদেশ বর্ডার গার্ড-বিজিবি বুড়িমারী ক্যাম্পের সদস্যরা আলমের প্রতিবেশী শরিফুল ইসলাম ও মামুন-অর-রশিদকে তা শনাক্তের জন্য বিএসএফের খড়খড়িয়া ক্যাম্পে পাঠায়। বুড়িমারী ক্যাম্প কমান্ডারও তাদের সঙ্গে যান। ফিরে এসে প্রতিবেশীরা জানায়, নিহতের মুখ-ম-ল হাতুড়ি দিয়ে থেতলে ক্ষতবিক্ষত করে দেওয়ার কারণে চেনার উপায় নেই। শরীর পানিতে থাকায় ফুলে গেছে। তবে মরদেহ দেখে তাদের মনে হয়েছে- এটি আলম। এ বিষয়ে লালমনিরহাট-৩১ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর রুহুল আমীন বলেন, লাশটি কার সে ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া যায়নি। সে কারণে এটি ফিরিয়ে আনা যাচ্ছে না। অন্যদিকে বিএসএফও জানিয়েছে, উদ্ধারকৃত মৃতদেহ কোনো ভারতীয় নাগরিকের নয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/২০৩১ ঘ.