ঢাকা, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নন্দিত লেখক হুমায়ুন আহমেদের মরদেহ নিয়ে দেশের পথে রয়েছেন তার স্বজনরা। তার কফিনবাহী বিমানটি সোমবার সকাল পৌনে ৯টায় শাহজালাল বিমানবন্দরে পৌঁছার কথা।
এই সময়ের সবচেয়ে জনপ্রিয় লেখক হুমায়ুন ক্যান্সারে আক্রান্ত হয়ে ৬৪ বছর বয়সে গত ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের বেলভ্যু হাসপাতালে মারা যান।
নিউ ইয়র্কে পরদিন জানাজার পর রোববার হুমায়ুনের কফিন নিয়ে দেশের পথে রওনা হয়েছেন তার স্ত্রী মেহের আফরোজ শাওন। সঙ্গে রয়েছেন
দুই ছেলে নিষাদ ও নিনিত, শাওনের মা তহুরা আলী, বোন সেঁজুতি এম আফরোজ এবং পারিবারিক বন্ধু প্রকাশক মাজহারুল ইসলাম।
হুমায়ূনকে শেষবারের মতো বিদায় জানাতে বিমানবন্দরে জড়ো হয়েছিলেন কয়েকশ প্রবাসী বাংলাদেশি। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এ কে আবদুল মোমেনও ছিলেন তাদের সঙ্গে।
ভাই মুহম্মদ জাফর ইকবাল মৃত্যুর সময় হুমায়ূনের সঙ্গে থাকলেও তিনি রোববার দেশে ফিরেছেন। তিনি সাংবাদিকদের জানিয়েছেন, প্রয়াত লেখককে কোথায় দাফন করা হবে, তা চূড়ান্ত হবে শাওন ফেরার পর।
দেশে পৌঁছানোর পর বিমানবন্দর থেকে লেখকের কফিন নিয়ে যাওয়া হবে সরাসরি ধানমণ্ডিতে তার বাড়ি দখিন হাওয়ায়। হুমায়ুনের মা আয়েশা ফয়েজ থাকবেন সেখানে।
সর্ব সাধারণের শ্রদ্ধা জানানোর জন্য ধানমণ্ডি থেকে মরদেহ নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু সাংবাদিকদের জানান, সোমবার সকাল ১১টা থেকে বেলা ২টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে লেখকের প্রতি শেষ শ্রদ্ধা জানাবে সর্বস্তরের মানুষ। এরপর বেলা আড়াইটায় জাতীয় ঈদগাহ ময়দানে জানাজা হবে।
শ্রদ্ধা জানানোর পর্ব নির্বিঘœ করতে দোয়েল চত্বর, শিববাড়ী মোড়, জগন্নাথ হল ক্রসিং ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বহির্বিভাগের সামনে সড়ক দিয়ে যান চলাচল বন্ধ রাখবে পুলিশ।
শ্রদ্ধা জানাতে দোয়েল চত্বর, ঢাকা মেডিক্যাল কলেজের রুমানা চত্বর এলাকা দিয়ে ঢুকে জগন্নাথ হল ক্রসিং বা শিববাড়ী ক্রসিং দিয়ে বের হতে হবে।
বক্শীবাজার মোড় হতে টিএসসি পর্যন্ত, দোয়েল চত্বর থেকে শহীদুল্লাহ হল ফটক পর্যন্ত, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বহির্বিভাগ ফটক থেকে জরুরি বিভাগের ফটক পর্যন্ত এবং কার্জন হলের ভেতর গাড়ি রাখা যাবে।
জাতীয় ঈদগাঁয় জানাজার পর বারডেমের হিমঘরে রাখা হবে হুমায়ুন আহমেদের মরদেহ। মঙ্গলবার তাকে সমাহিত করা হবে বলে এখন পর্যন্ত জানানো হয়েছে।
হুমায়ুনকে তার গাজীপুরের নুহাশ পল্লীতে সমাহিত করার কথা আগে শোনা গেলেও এই কথাশিল্পীর ছোট ভাই আহসান হাবীব রোববার সাংবাদিকদের বলেছেন, এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি।
তবে নুহাশ পল্লীতে যে কবর হচ্ছে না, তা অনেকটাই নিশ্চিত হয়ে গেছে বলে জানিয়েছেন তিনি।
যুক্তরাষ্ট্র থেকে ফেরা জাফর ইকবাল রোববার মিরপুরের পল্লবীতে আহসান হাবীবের বাড়িতে পরিবারের সদস্যদের সঙ্গে এই নিয়ে আলোচনা করেন।
হুমায়ূনের স্ত্রী শাওন দেশে পৌঁছালে তার সঙ্গে আলোচনা করে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে আহসান হাবীব জানান।
এর আগে আহসান হাবীব জানিয়েছিলেন, মঙ্গলবার নুহাশ পল্লীতেই তার ভাইকে সমাহিত করা হতে পারে।
তবে তাদের আরেক ভাই জাফর ইকবাল বলেছিলেন, দাফনের ক্ষেত্রে লেখকের ইচ্ছাকেই প্রাধান্য দেওয়া হবে। এ বিষয়ে হুমায়ূন কোনো ইচ্ছার কথা বলে গেছেন কিনা, তা খুঁজে দেখা হচ্ছে।
বৃহদান্ত্রে অস্ত্রোপচারের আগে কিছুদিনের জন্য দেশে আসেন হুমায়ূন। গত ১২ মে নুহাশ পল্লীতে বসে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি চাচ্ছিলাম, আমার মৃত্যুর পর কবরটা এখনে হোক। পরে দেখলাম, এটা কবরস্থান হয়ে যাবে। এটা কবরস্থান হওয়ার স্থান নয়। এটা তখন গুলিস্থানে পরিণত হবে। এখানে দুনিয়ার লোক আসবে। এটা কবরস্থান বানানো যাবে না।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/এমআই/০০১৮ ঘ.
bdnews24