ব্রাহ্মণবাড়িয়া, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যোগাযোগ ও রেলমন্ত্রী ওবায়দুল কাদের ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনের মাস্টারসহ সব বুকিং ক্লার্ককে বদলির নির্দেশ দিয়েছন।
এছাড়া স¤প্রতি ওই জেলা থেকে রাজশাহী বদলি হওয়া বিআরটিএ’র সহকারী পরিচালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেন কর্তৃপক্ষকে।
রোববার কুমিল্লা থেকে সড়কপথে ব্রাহ্মণবাড়িয় আসেন মন্ত্রী।
দুপুরে শহরের কাউতলীতে কুরুলিয়া খালের ওপর নির্মিত দ্বিতীয় কুরুলিয়া সেতুর কাজ পরিদর্শনকালে দাঁড়িয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
এ সময় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী রবিউল আলমকে বলেন, “কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া সড়কের হাল দেখে আমি খুশি নই।”
আগামী তিন দিনের মধ্যে সব খানাখন্দ বন্ধ করে সড়ককে উপযোগী করা না হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানান মন্ত্রী।
সেখান থেকে মন্ত্রী যান জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থিত বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) অফিসে।
রিআরটিএ অফিসে ঢুকেই গাড়ির রেজিস্ট্রেশনের জন্য কত টাকা করে ঘুষ নেওয়া হয় জানতে চান তিনি।
এ সময় জেলা প্রশাসক মো. আবদুল মান্নান বলেন, এই অফিস থেকে সদ্য বদলি হওয়া সহকারী পরিচালক জালাল আহমেদ নিয়ম বহিভূর্তভাবে সিএনজি চালিত চারশ’ অটোরিকশার রেজিস্ট্রেশন করেছেন।
এরপরই মন্ত্রী মোবাইল ফোনে ওই কর্মকর্তার নতুন কর্মস্থল রাজশাহীর বিভাগীয় কমিশনারকে ফোন করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
বিআরটিএ অফিস থেকে মন্ত্রী কিছু সময়ের জন্যে জেলা প্রশাসকের কার্যালয়ে আসেন। এসময় স্থানীয় কয়েকজন সরকার দলীয় নেতা তার সঙ্গে সাক্ষাৎ করেন। তবে তিনি তাদের বেশি সময় দিতে পারেননি।
এ সময় সাংবাদিকরা মন্ত্রীকে শহরের প্রধান সড়কটি নির্মিত হওয়ার দু’মাসের মাথায় ভেঙ্গে যাওয়ার কথা জানান।
তখন মন্ত্রী নির্বাহী প্রকৌশলীকে তিন দিনের মধ্যে রাস্তার সব খানাখন্দ দূর করার নির্দেশ দেন। না হলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।
সবশেষে রেল স্টেশনে গিয়ে দেখেন টিকেট কাউন্টার বন্ধ। যাত্রীদের অভিযোগ গ্রহণের টিএন্ডটির ফোনটিও অচল দেখেন।
স্টেশন মাস্টার ওয়াহিদুজ্জামানের কাছে এর কারণ জানতে চাইলে তিনি আমতা আমতা করতে থাকেন।
এসময় উপস্থিত একজন মন্ত্রীকে বলেন, স্টেশন মাস্টার কর্মস্থলে প্রায়ই থাকেন না। কালোবাজারে টিকেট বিক্রি করেন।
ওই সময় ওবায়দুল কাদের রেলওয়ের মহাপরিচালকেকে ফোন করে স্টেশন মাস্টার ও সব বুকিং ক্লার্ককে বদলির নির্দেশ দেন। একই সময় কয়েকটি অভিযোগ শুনে স্টেশনের জিআরপি ফাঁড়ির ইনচার্জ নূরুল ইসলামকেও বদলির নির্দেশ দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩১৫ ঘ.
bdnews24