ঢাকা, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের নবনির্বাচিত রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে টেলিফোন করে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ জানান, বাংলাদেশ সময় রোববার রাত সোয়া ১০টায় প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে শেখ হাসিনা ফোনে কথা হয়।
বিকালেই ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে প্রণবের বিজয়ের ঘোষণা আসে। তিনি ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি হতে চলেছেন।
আবুল কালাম আজাদ জানান, প্রণব মুখোপাধ্যায় ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের জনগণ ও সরকারের পক্ষ থেকে তাকে উষ্ণ অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী।
একজন বাঙালি হিসেবে ভারতের সর্বোচ্চ পদে আসীন হওয়ায় বাংলাদেশের জনগণের আনন্দিত হওয়ার বিষয়টিও প্রণব মুখোপাধ্যায়কে জানান শেখ হাসিনা।
পশ্চিমবঙ্গের বাঙালি প্রণবের স্ত্রী শুভ্রা মুখোপাধ্যায়ের বাড়ি বাংলাদেশের নড়াইল জেলার ভদ্রবিলা গ্রামে। প্রণবের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার খবরে বিকালে ওই গ্রামে আনন্দ মিছিলও হয়।
শেখ হাসিনা ভারতের নতুন রাষ্ট্রপতি, তার পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য কামনা করেন।
কংগ্রেসের প্রবীণ নেতা প্রণব অর্থমন্ত্রীর দায়িত্বে ছিলেন। এর আগে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বও পালন করেন তিনি।
পশ্চিমবঙ্গের এই নেতার সঙ্গে বাংলাদেশের রাজনীতিবিদদের উষ্ণ সম্পর্ক দীর্ঘদিনের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/২২৫২ ঘ.
bdnews24