২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে টিসিবির পণ্যে অনীহা পরিবেশকদের

মান ভালো না হওয়াসহ নানা অভিযোগে বাগেরহাটের অনেক পরিবেশক সরকারি বিপণন সংস্থা টিসিবির পণ্য উত্তোলন করছেন না বলে জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2012, 04:19 PM

Updated : 24 Aug 2022, 11:47 AM

বাগেরহাট, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মান ভালো না হওয়াসহ নানা অভিযোগে বাগেরহাটের অনেক পরিবেশক সরকারি বিপণন সংস্থা টিসিবির পণ্য উত্তোলন করছেন না বলে জানিয়েছেন। তবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) কর্তৃপক্ষের দাবি, অর্থ সংকটের কারণে অনেক ডিলার ডিপো থেকে পণ্য উত্তোলন করছেন না। পণ্যের মান খারাপ হওয়ার কথা তারা অস্বীকার করেন। বাগেরহাট পৌরসভার এক পরিবেশক ‘মেসার্স ফরিদা আক্তার’র মালিক জিয়াউল করিম পিকলু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, টিসিবির পণ্যের গুণগত মান ভালো না হওয়া এবং লাভ সীমিত হওয়ার কারণে এ বছর তিনি পণ্য উত্তোলন করেননি। সদর উপজেলার যাত্রাপুরের ডিলার ‘মেসার্স কল্পনা ট্রেডার্স’র স্বত্ত্বাধিকারী অচিন্ত কুমার দাসও একই অভিযোগ করে বলেন, টিসিবির পণ্যের মান খুব খারাপ। মানুষ কিনতে চায় না। এ ছাড়া সব খরচ দিয়ে কোনো লাভ না থাকায় তিনি এ বছর পণ্য উত্তোলন করেননি বলে জানান। ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবপ্রসাদ পাল বলেন, রমজানের আগে উপজেলার ছয়জন পরিবেশক অভিযোগ করেছেন- খুলনায় পণ্য উত্তোলন করতে গিয়ে তাদের হয়রানির শিকার হতে হয় এবং বাড়তি অর্থ ব্যয় করতে হয়। এছাড়া টিসিবি’র পণ্যের গুণগত মান ভাল নয় বলেও তারা অভিযোগ করেন। এ ব্যাপারে খুলনা ডিপোর জ্যেষ্ঠ উপ-নির্বাহী কর্মকর্তা মো. রবিউল মোর্শেদ বলেন, “পণ্যের মান ভালো হলেও নগদ অর্থ সংকটের কারণে অনেক পরিবেশক পণ্য উত্তোলন থেকে বিরত রয়েছেন।” বাগেরহাটের ৩৮ জন পরিবেশকের মধ্যে ১৪ জন রমজান উপলক্ষে পণ্য উত্তোলন করেছেন। তিনি আরো বলেন, রমজান উপলক্ষে টিসিবি এ বছর প্রতি ডিলারকে ৪৬ টাকা কেজি দরে তিন মেট্রিক টন চিনি, ১১১ টাকা লিটার দরে চারশ’ লিটার খোলা সয়াবিন তেল এবং ১১৭ টাকা লিটার দরে দুইশ’ লিটার বোতলজাত সয়াবিন তেল সরবরাহ করার কথা। ডিলাররা এসব পণ্য কেজি ও লিটার প্রতি চার টাকা বেশি দরে খুচরা বিক্রি করতে পারবে বলেও তিনি জানান। তবে পরিবেশকদের কাছে চিনি, ভোজ্য তেল ও ছোলা বিক্রির কথা থাকলেও মজুদ না থাকায় ছোলা সরবরাহ করা যাচ্ছে না বলে জানান রবিউল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/ডিডি/২১৫৫ ঘ.