২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্ঘটনায় কুমিল্লার সাবেক সাংসদের স্ত্রী নিহত

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় বিএনপি দলীয় এক সাবেক সংসদ সদস্যের স্ত্রী নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2012, 03:25 PM

Updated : 24 Aug 2022, 11:47 AM

নারায়ণগঞ্জ, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় বিএনপি দলীয় এক সাবেক সংসদ সদস্যের স্ত্রী নিহত হয়েছেন। রোববার বিকালে আধুরিয়া এলাকায় ওই দুর্ঘটনায় সাবেক সাংসদ ও তার শ্যালকসহ তিনজন আহত হয়েছেন। নিহত লুৎফুন নেছা (৬০) কুমিল্লা-৫ (বুড়িচং) আসনের সাবেক সাংসদ মো. ইউনূস আলীর স্ত্রী। আহত অন্যরা হলেন সাংসদের শ্যালক শহীদুল ইসলাম (২৫) এবং গাড়িচালক সুজন (৩৫)। আহতদের আল রাজী ও আল মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাইওয়ে পুলিশের ভুলতা ফাঁড়ির এসআই মো. সেলিম মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাবেক সাংসদসহ ওই চারজনকে নিয়ে তাদের প্রাইভেট কার কুমিল্লা থেকে ঢাকা যাচ্ছিল। আধুরিয়ায় বিপরীতমুখী একটি ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই লুৎফুন নেছার মৃত্যু হয়। পুলিশ ট্রাকটিকে আটক করলেও চালক পালিয়ে গেছে বলে জানান এসআই সেলিম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএএইচ/২১১৫ ঘ.