২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা মেডিকেলে সংবাদকর্মীদের মারধর

পেশাগত দায়িত্ব পালনকালে চার সংবাদকর্মীকে মারধর করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষানবিস চিকিৎসকরা। এ সময় সাংবাদিকদের ব্যবহৃত দুটি গাড়িতে ভাঙচুর চালানোর পাশাপাশি দুটি ক্যামেরা ভেঙে ফেলা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2012, 02:51 PM

Updated : 24 Aug 2022, 11:47 AM

ঢাকা, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পেশাগত দায়িত্ব পালনকালে চার সংবাদকর্মীকে মারধর করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষানবিস চিকিৎসকরা। এ সময় সাংবাদিকদের ব্যবহৃত দুটি গাড়িতে ভাঙচুর চালানোর পাশাপাশি দুটি ক্যামেরা ভেঙে ফেলা হয়। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, বাংলাভিশন টেলিভিশনের প্রতিবেদক রাসেল আহম্মেদ ও চিত্রধারক উজ্জ্বল দাস, একুশে টেলিভিশনের প্রতিবেদক মুজাহিদ হাসান ও এটিএন নিউজের ঢাকা মেডিকেলের হাসপাতাল প্রতিনিধি বুলবুল চৌধুরী। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান শহীদ হোসেনের অধীনে চিকিৎসাধীন এক রোগীকে মারধরের সংবাদ প্রকাশ করায় শিক্ষানবিস চিকিৎসকরা এ হামলা চালানো হয়েছে বলে আহত সাংবাদিকরা জানিয়েছেন। সড়ক দুর্ঘটনায় আহত হয়ে গত ২৭ এপ্রিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন ঝিনাইদহের যুবক আরিফুল ইসলাম। গত ২০ জুলাই চিকিৎসক শহীদ হোসেন রোগী আরিফুলকে থাপ্পড় মারলে বিভিন্ন পত্রিকায় ওই সংবাদ প্রকাশিত হয়। এ ঘটনায় হাসপাতালে সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ করতে ২১ জুলাই পরিচালক বরাবর তারা স্মারকলিপিও দেন। বুলবুল বলেন, “রোববার চিকিৎসকদের বৈঠক চলাকালে খবর সংগ্রহের জন্য হাসপাতালে শিক্ষানবিস চিকিৎসকরা সাংবাদিকদের ওপর চড়াও হন। প্রথমে মারধর এবং পরে তাদের ক্যামেরা ভেঙে ফেলে তারা।” পরে মিছিল ওই চিকিৎসকরা জরুরি বিভাগের সামনে থাকা বাংলাভিশনের গাড়ি ভাংচুর করেন। এ সময় হামলকারীদের ছোড়া ইটের আঘাতে নিজে আহত হয়েছেন বলে জানান বুলবুল। এদিকে ঘটনার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে পরিচালকের সঙ্গে দেখা করে ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম টুকু এবং বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোশিয়েসনের (ক্র্যাব) সভাপতি আখতারুজ্জামান লাভলু ও সাধারণ সম্পাদক ইসারফ হোসেন ঈশা। হাসপাতাল পরিচালক মোস্তফিজুর রহমান সুষ্ঠু তদন্তের মাধ্যমে এ ঘটনায় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন ক্র্যাব সভাপতি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএইচ/এএল/২০৪৬ ঘ.