ঢাকা, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর জোয়ার সাহারায় নিহত দুই সহোদরের মৃত্যু রহস্য এখনো উদঘাটন করতে পারেনি পুলিশ। পাওয়া যায়নি তাদের কোনো স্বজনের খোঁজ।
পুলিশ বলছে, একজনকে হত্যার পর অপর জন আত্মহত্যা করে থাকতে পারেন।
শনিবার বিকালে জোয়ার সাহারার মোল্লা পাড়ার একটি টিনশেড বাসা থেকে জামশেদ ও জাবেদ নামে ওই দুই সহোদরের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
ভাটারা থানার ওসি জিয়ারুজ্জামান জানান, জামশেদ মানসিক ভারসাম্যহীন। অপর ভাই জাবেদ একটি বায়িং হাউজে চাকরি করতেন।
প্রতিবেশীরা জানিয়েছেন, শুক্রবার দিবাগত রাতে সেহরি শেষে দুই সহোদর ঘুমিয়ে পড়েন। দুপুর পর্যন্ত তারা দরজা না খোলায় বাড়ির অন্যদের সন্দেহ হলে তারা পুলিশকে খবর দেয়। পুলিশ দরজা ভেঙে জামশেদকে ঝুলন্ত অবস্থায় এবং জাবেদকে মেঝেতে পড়ে থাকা অবস্থায় দেখতে পায়।
ওসি বলেন, “জামশেদের মুখে পলিথিন পেঁচানো ছিলো। এক ভাই আরেক ভাইকে কোন উপায়ে হত্যার পর অন্য ভাই আত্মহত্যা করেছে বলে আমরা ধারণা করছি।”
দুই বছর ধরে টিনশেড বাসাটিতে তারা ভাড়া থাকতেন।
এদিকে ওই দুই ভাইয়ের লাশ নিতে ঢাকা মেডিকেল কলেজ মর্গে কোন নিকটজন যায়নি বলে পুলিশ জানিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/২০১৪ ঘ.
bdnews24