সাভার, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারে চোর ধরতে গিয়ে শনিবার রাতে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন।
সাভার পৌরসভার স্মরণিকা আবাসিক এলাকায় এ হামলায় আহত শাহজাহান মিয়া (৩২) ওই মহল্লার বাসিন্দা।
তাকে এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা সাংবাদিকদের জানান, রাত ২টার দিকে এলাকার আসানাত মিয়া বাড়ির কলাপসিবল গেইটের তালা ভেঙে ৩/৪ জন লোক মোটরসাইকেল চুরির চেষ্টা করে।
টের পেয়ে বাড়ির লোকজন চিৎকার শুরু করলে প্রতিবেশীরা এগিয়ে আসে। এ অবস্থায় চোরের দল গুলি করতে করতে পালিয়ে যেতে থাকে।
এসময় শাহজাহান মিয়া একজনকে ধরতে গেলে সে তাকে বাম পায়ে গুলি করে পালিয়ে যায়।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সাজ্জাদ রোমেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গুলিবিদ্ধ শাহজাহান সুস্থ হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/ডিডি/১৯৪৩ ঘ.
bdnews24