চট্টগ্রাম, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতির অভিযোগের মুখে প্রায় দেড় হাজার উন্নয়ন প্রকল্পের মধ্যে মাত্র ৫০টির বিষয়ে দুর্নীতি দমন কমিশনে (দুদকে) তথ্য পাঠিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি)।
রোববার দুপুরে সিসিসির পক্ষ থেকে দুদক চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ে এসব প্রকল্পের তথ্য জমা দেওয়া হয়।
সিসিসির সচিব মো. শামসুদ্দোহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুদকের পক্ষ থেকে চট্টগ্রাম সিটি করপোরেশনের ২০১০-১১ ও ২০১১-১২ অর্থবছরের যেসব উন্নয়ন প্রকল্পের তথ্যসহ তালিকা চাওয়া হয়েছিল সেগুলোর মধ্যে ৫০টি প্রকল্পের তথ্য দেওয়া হয়েছে।
পর্যায়ক্রমে অন্য উন্নয়ন প্রকল্পগুলোর তথ্য দুদকে পাঠানো হবে বলে জানান তিনি।
চট্টগ্রাম সিটি করপোরেশনের এই কর্মকর্তা বলেন, এসব প্রকল্পের বেশিরভাগই চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন সড়ক উন্নয়ন ও মেরামত সংক্রান্ত।
গত ৫ জুলাই দুদকের চট্টগ্রাম-২ এর উপ-পরিচালক আবদুল আজিজ ভূঁইয়া একটি চিঠিতে গত দুই অর্থবছরে পরিচালিত সিসিসির এক হাজার তিনশ’ ৮০ উন্নয়ন প্রকল্পের তথ্য চান। ৯ জুলাই চিঠিটি সিসিসিতে পৌঁছায়।
গত দুই অর্থবছরে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব পালন করছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা এম মনুজর আলম।
সিসিসি থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, গত দুই অর্থবছরে ১৭৫ কোটি ১৫ লাখ টাকা ব্যয়ে এসব প্রকল্প বাস্তবায়ন করা হয়।
সিসিসির কয়েকজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত বিশ্বকাপ ক্রিকেটের দুটি ম্যাচ এবং একটি প্রস্তুতি ম্যাচ খেলার জন্য ২০১০-১১ অর্থবছরে চট্টগ্রাম সিটি করপোরেশন ব্যাপক অবকাঠামোগত উন্নয়ন কাজ পরিচালনা করে।
তখন নতুন মেয়র হিসেবে দায়িত্ব নেন এম মনজুর আলম। সে সময় সিটি করপোরেশনের তালিকাভুক্ত ঠিকাদারের পাশাপাশি আরো নতুন ৫০০ ব্যক্তি ঠিকাদার হিসেবে তালিকাভুক্ত হন। এদের বেশিরভাগই বিএনপির নেতাকর্মী।
ওই সময়ে বন্দরনগরীর অধিকাংশ সড়কে কার্পেটিং করার বেশিরভাগ কাজই বিএনপি সমর্থিত ঠিকাদাররা পায়। কিন্তু এসব সড়কে কার্পেটিং যথাযথ না হওয়ায় দ্রুতই তা উঠে যায় এবং সড়কে বড় বড় গর্ত তৈরি হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএইচ/এএল/১৮৩০ ঘ.
bdnews24