২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নবাবী নেই, তবে আছে ইফতারি!

মুঘলাই রোশনাই কিংবা ঢাকার নবাবী ইতিহাসের পাতায় স্থান নিলেও সাবেকী কালের সেই ঐতিহ্য ধরে রেখে ইফতারিতে এখনো জমজমাট পুরান ঢাকার চক বাজার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2012, 12:32 PM

Updated : 24 Aug 2022, 11:47 AM

কামাল হোসেন তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সেই মুঘলাই রোশনাই নেই, নেই ঢাকাই নবাবী; তবে সাবেক কালের ঐতিহ্য ধরে রেখে এখনো জমজমাট পুরান ঢাকার চক বাজারি ইফতারি। প্রতি বছরের রমজানে ইফতারির আয়োজনকে কেন্দ্র করে দুপুর থেকেই চকবাজারে তৈরি হয় এক ভিন্ন রকমের উৎসবমুখর পরিবেশ। দোকানে দোকানে বাহারি কায়দায় সাজানো নানা বর্ণ গন্ধ আর জিভে জল নিয়ে আসা স্বাদের রকমারি ইফতারি, সামনে মানুষের উপচে পড়া ভিড়। যেমন ইফতারির বাহার তেমনি নানা কেতায় নানা ‘আইটেমের’ না নিয়ে দোকানিদের হাঁক-ডাক, শতকণ্ঠের কোলাহল আর সঙ্গে। ক্রেতাদের ভিড়ে আছে ৭/৮ বছরের ছোট শিশু থেকে শুরু করে কিশোর-যুবক, নারী আর ষাটোর্ধ প্রবীণরাও। চকবাজার মসজিদের সামনের সড়কে মাত্র একশ’ গজ আয়তনের ছোট্ট জায়গায় বসেছে প্রায় শাতাধিক ছোট বড় দোকান। রমজানের শুরুতেই সেখানে গিয়ে দেখা গেল ইফতারের সময় যত ঘনিয়ে আসছে ক্রেতাদের উপচে পড়া ভিড় ততই বাড়ছে। ব্যবসায়ীরা বললেন, এমনকি পয়লা রমজানে নগরীতে থেমে থেমে নেমে আসা শ্রাবণের বৃষ্টিধারাও দমাতে পারেনি বনেদি ইফতারির ক্রেতাদের। আসরের নামাযের পর ক্রেতাদের ভিড় সামলানো দায় হয়ে দাঁড়ায় তাদের জন্য। যেন মুহূর্তের মধ্যেই শেষ হয়ে যায় দুপুর থেকে সাজিয়ে রাখা দইবড়া, হালিম, শিক কাবাব সুতি ও জালি কাবাব। ক্রেতারা আসেন রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে। তারা ছুটে আসেন এসব মোঘলাই ও নবাবী ইফতার সামগ্রীর টানে। ধানমণ্ডি ৯ রোডের বাসিন্দা জয়নাল আবেদীন তার স্ত্রী ও এগার বছরের ছেলে অনিককে নিয়ে এসেছেন চকবাজারের ইফতারের দোকানে। অনিক বলছিল, ইফতারের সুগন্ধে তার মন জুড়িয়ে দিচ্ছে। তার কাছে চকবাজারের ইফতারের কোনো তুলনা হয়না। সে জানায়, দুই বছর ধরে নিয়মিত তিনি চকবাজারে আসে ইফতার কিনতে। ‘বড় বাপের পোলায় খায়’ খেতে তার ভাল লাগে কি না- এমন প্রশ্নের জবাবে অনিক জানায়, এটা তার প্রিয় নয়, তার ভালো লাগে দইবড়া, জালি ও সুতিকাবাব আর ফালুদা ও ফিরনি। চকবাজারের হেকিম হাবিবুর রহমান রোডের বাসিন্দা রাশেদ আলী জানান, গরুর কিমা, কলিজি, মগজ, চিকেন, চিড়া, ডাল, সুতি কাবাব, আলু ও ডিমসহ ১২টি মসলার সমন্বয়ে বানানো ‘বড় বাপের পোলায় খায়’ পুরান ঢাকার ঐতিহ্যবাহী হলেও তা নবাবী খাবার নয়। তিনি জানান, দইবড়া, সুতি ও জালি কাবাব, ফালুদা ও ফিরনি হলো মোঘল ও নবাবদের খাবার। তাদের (মোঘল ও নবাব) প্রিয় খাবার হওয়ায় চকবাজার থেকে শুরু করে আস্তে আস্তে সারা দেশে এসব খাবারের কদর ছড়িয়ে পড়ে। ‘বড় বাপের পোলায় খায়’ অনেক পরে চকবাজারে আসে বলেও তিনি জানান। পুরান ঢাকার প্রবীণদের ভাষ্যমতে, এ খাবারটি কামেল মাহমুদ নামে এক ব্যক্তি প্রথম তৈরি করেছিল। খাবারটির জনপ্রিয়তা থাকায় বংশ পরম্পরায় এটি এখনো তৈরি হচ্ছে। তবে কামেল মাহমুদের বংশধর কারা, তা নিয়ে মতপার্থক্য রয়েছে। তবে চকবাজারের হাজী শহীদ, মো. হোসেন, মোহাম্মদ, হারুন মিয়া ও সেলিম বার্বুচিসহ অনেকেই এখন এ খাবার তৈরি করছেন। এ বছর এর দাম হাকানো হচ্ছে তিনশ’ থেকে তিনশ’ পঞ্চাশ টাকা কেজি। এছাড়া ঐতিহ্যবাহী সুতি কাবাব ছাড়াও চকবাজারের হালিমেরও বিশেষ কদর রয়েছে। চকবাজারের ইফতারির আয়োজনে রয়েছে, ঘোল-মাঠা, বোরহানি, লাবাং শরবত, দইবড়া, গরুর চপ, মালাইকাপ, ফিরনি, শিঙ্গাড়া, দই-বুন্দিয়া, ভেজিটেবল রোল, বানানা রোল, চিকেন কাটলেট, নিমাকপাড়া, টানা পরোটা, প্লেন পরোটা, শাহী জিলাপি ও বেগুনি। আস্ত মুরগি, হাঁস, কোয়েল ও কবুতরের রোস্ট, খাসীর পায়ের রোস্টও ক্রেতাদের নজর কাড়ে। ক্রেতারা বলছেন, এবার ইফতার সামগ্রীর দাম কিছুটা বেড়েছে। তবে ব্যবসায়ীরা বলছেন, দাম গত বছরের মতোই রয়েছে তবে কিছু কিছু ইফতারের দাম কিছুটা বেড়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএমটি/১৬২৬ ঘ.