ব্রাহ্মণবাড়িয়া, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝটিকা সফরে ব্রাহ্মণবাড়িয়া গিয়ে রেল স্টেশনের স্টেশন মাস্টারসহ সব বুকিং সহকারীকে বদলির নির্দেশ দিয়েছেন রেলপথমন্ত্রী ওবায়দুল কাদের।
রোববার বিকালে মন্ত্রী ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে টিকিট কালোবাজারির অভিযোগ পাওয়ার পর এই নির্দেশ দেন। একদিন আগে চট্টগ্রাম রেল স্টেশনে গিয়েও বুকিং সহকারীদের বদলির নির্দেশ দিয়েছিলেন তিনি।
স্টেশন মাস্টার মো. ওয়াহিদুজ্জামান ও বুকিং সহকারীদের পাশাপাশি জিআরপি ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা নূরুল ইসলামকেও বদলির নির্দেশ দেন মন্ত্রী।
যোগাযোগমন্ত্রী কাদের ব্রাহ্মণবাড়িয়ায় নেমে প্রথমে স্থানীয় বিআরটিএ কার্যালয়ে যান। সেখানে তিনি সদ্য বদলি হওয়া বিআরটিএ’র সহকারী পরিচালক জালাল আহমেদের বিরুদ্ধে নিয়মবহির্ভূতভাবে সিএনজিচালিত চারশ অটোরিকশার লাইসেন্স দেওয়ায় অভিযোগ তদন্তের নির্দেশ দেন।
মন্ত্রী কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া সড়কের দুরবস্থা দেখে ক্ষোভ প্রকাশ করেন। আগামী তিন দিনের মধ্যে ওই সড়ক মেরামত করতে ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীকে নির্দেশ দেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮১২ ঘ.
bdnews24