জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নন্দিত কথাশিল্পী হুমায়ূন আহমেদকে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে ইচ্ছুক সর্বস্তরের মানুষের চলাচলের পথ নির্দিষ্ট করে দিয়েছে ঢাকা মহানগর পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শ্রদ্ধা জানাতে দোয়েল চত্বর, ঢাকা মেডিকেল কলেজের রুমানা চত্বর এলাকা দিয়ে ঢুকে জগন্নাথ হল ক্রসিং বা শিববাড়ী ক্রসিং দিয়ে বের হওয়ার জন্য বলা হয়েছে।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু শনিবার জানান, সোমবার সকাল ১১টা থেকে বেলা ২টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে এই লেখকের প্রতি শেষ শ্রদ্ধা জানাবে সর্বস্তরের মানুষ। এরপর বেলা আড়াইটায় জাতীয় ঈদগাহ ময়দানে জানাজা শেষে বারডেমের হিমঘরে রাখা হবে মরদেহ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সকাল ১১ থেকে দুপুর আড়াইটা পর্যন্ত দোয়েল চত্বর, শিববাড়ীর মোড়, জগন্নাথ হল ক্রসিং ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের সামনে রাস্তায় যানচলাচল বন্ধ থাকবে।
বক্সীবাজার মোড় হতে টিএসসি পর্যন্ত, দোয়েল চত্ত্বর থেকে শহীদুল্লাহ হল গেট পর্যন্ত, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বর্হিবিভাগ গেট থেকে জরুরি বিভাগের গেট পর্যন্ত ও কার্জন হলের ভেতর গাড়ি রাখতে বলা হয়েছে।
শ্রদ্ধা নিবেদন করতে আসা জনগণকে ট্রাফিক ব্যবস্থা মেনে চলার অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ।
নয় মাস ক্যান্সারে ভোগার পর বৃহস্পতিবার রাতে নিউ ইয়র্কের একটি হাসপাতালে মারা যান হুমায়ূন। বাংলাদেশ সময় রোববার সকাল ৯টায় নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দর থেকে এই কথাশিল্পীর মরদেহ নিয়ে দেশের উদ্দেশ্যে রওনা হন স্বজনরা।
সোমবার সকাল ৯টার দিকে তাদের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এসইউ/১৭৫৩ ঘ.
bdnews24