ঢাকা, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের নবনির্বাচিত রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এক শুভেচ্ছা বার্তায় শেখ হাসিনা বলেন, “ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জনগণ, সরকার ও আমার নিজের পক্ষ থেকে আপনাকে অত্যন্ত আনন্দের সঙ্গে উষ্ণ অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা জানাই। একজন বাঙালি হিসেবে ভারতের সর্বোচ্চ পদে আসীন হওয়ায় আমরা খুবই আনন্দিত।”
ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে প্রথম বাঙালি রাষ্ট্রপতি হয়েছেন প্রণব মুখোপাধ্যায়। ১৩ তম রাষ্ট্রপতি হিসেবে তিনি প্রতিভা পাতিলের স্থলাভিষিক্ত হবেন।
বাংলাদেশ বন্ধুত্বের বন্ধন আরো জোরদার ও সংহত করার উপর সর্বোচ্চ গুরুত্ব দেয় উল্লেখ করে শেখ হাসিনা বলেন, “২০০৯ সালে আমাদের সরকার দায়িত্ব নেওয়ার পর দু’দেশ ও জনগণের জন্য পারস্পরিক স্বার্থ রক্ষায় নতুন সুযোগ সন্ধানে আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে।”
একই লক্ষ্য অর্জনে প্রণব মুখোপাধ্যায় ব্যক্তিগত প্রচেষ্টা বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
শুভেচ্ছা বার্তায় শেখ হাসিনা ভারতের নতুন রাষ্ট্রপতি, তার পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য কামনা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এইচএইচ/এএল/১৭৩৮ ঘ.
bdnews24