ঢাকা, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরে যুদ্ধাপরাধের মামলায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীকে কারাগারে প্রথম শ্রেণীর মর্যাদা দেওয়ার আবেদন মঞ্জুর করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে ট্রাইব্যুনাল-১ রোববার এই আদেশ দেয়। মীর কাসেমের আইনজীবীরা তার ডিভিশন চেয়ে গত বৃহস্পতিবার এই আবেদন করেছিলেন।
এ বিষয়ে শুনানির পর ট্রাইব্যুনালের আদেশে বলা হয়, সামাজিক মর্যাদার বিবেচনায় মীর কাসেমকে কারাগারে ডিভিশন-১ বরাদ্দের জন্য জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেওয়া হলো।
জামায়াতে ইসলামীর অন্যতম প্রধান অর্থ যোগানদাতা হিসেবে পরিচিত মীর কাসেমকে গত ১৭ জুন মতিঝিল থেকে গ্রেপ্তার করে পুলিশ। ট্রাইব্যুনালে হাজির করা হলে বিচারক জামিন নাকচ করে তাকে কারাগারে পাঠান।
ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান মীর কাসেম রাবেতা আল ইসলামী নামে একটি এনজিওর সাবেক আবাসিক প্রতিনিধি এবং জামায়াত সমর্থক বলে পরিচিত দিগন্ত মিডিয়া কর্পোরেশনের চেয়ারম্যান। দৈনিক নয়া দিগন্ত এবং টেলিভিশন চ্যানেল দিগন্ত টেলিভিশন ওই প্রতিষ্ঠানেরই সহযোগী সংস্থা।
মীর কাসেমের বিরুদ্ধে অভিযোগ, তার হুকুমেই একাত্তরে চট্টগ্রামে বহু লোককে রাজাকার ক্যাম্পে নিয়ে হত্যা ও নির্যাতন করা হয়।
একাত্তরে আলবদর বাহিনী গঠন করে তিনি ওই বাহিনীর চট্টগ্রাম অঞ্চলের প্রধান হন। এই বাহিনী চট্টগ্রামের মহামায়া ভবনকে ডালিম হোটেলে রূপান্তর করে নির্যাতন ক্যাম্প স্থাপন করে। চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে মীর কাসেম আলীর নির্দেশনায় হত্যা, গণহত্যা, ধর্ষণ, লুটপাটসহ বিভিন্ন ধরনের মানবতাবিরোধী অপরাধ চালানো হয় বলেও অভিযোগ এনেছে প্রসিকিউশন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এলএইচ/জেকে/১২৫০ ঘ.
bdnews24