নারায়ণগঞ্জ, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বকেয়া বেতনসহ বিভিন্ন দাবিতে নারায়ণগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক আড়াই ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে পোশাক শ্রমিকরা।
প্রত্যক্ষদর্শীদেরা বরাত দিয়ে রূপগঞ্জ থানার ওসি আতিকুর রহমান খান জানান, রূপগঞ্জের হারভেস্ট রিচ গার্মেন্ট নামের ওই কারখানার শ্রমিকরা রোববার সকাল ৯টায় উপজেলার ভুলতা আউখাব এলাকায় বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে তারা কারখানার কাচ এবং সড়কে ৭/৮টি গাড়ি ভাংচুর করে।
কারখানা কর্তৃপক্ষ সোমবারের মধ্যে বকেয়া পরিশোধের আশ্বাস দিলে বেলা পৌনে ১২টার দিকে তারা অবরোধ তুলে নেয়।
আড়াই ঘণ্টার বেশি সময় যানচলাচল বন্ধ থাকায় মহাসড়কে ব্যাপক যানজট সৃষ্টি হয় বলে ওসি জানান।
কারখানার শ্রমিক আনোয়ার হোসেন জানান, তাদের দুই মাসের বকেয়া বেতন রয়েছে। প্রতিমাসেই বেতন-ভাতা পরিশোধ করতে ২০-২২ তারিখ লেগে যায়। রোববার সকালে কাজে এসেও বেতনের খবর না পেয়ে উত্তেজিত হয়ে ওঠে শ্রমিকরা। এক পর্যায়ে প্রায় সাড়ে ৬ হাজার কর্মী কারখানার ভেতরে বিক্ষোভ শুরু করে।
এ সময় ঢিল ছুড়ে কারখানার এবং পাশে রূপালী ব্যাংকের ভুলতা শাখার কাচ ভাঙা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
সকাল ৯টার দিকে শ্রমিকরা কারখানা থেকে বেরিয়ে এসে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে। এ সময় ৭/৮টি গাড়ি ভাংচুরের শিকার হয়।
পুলিশ মহাসড়ক থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়া হয় এ সময়।
আদমজী শিল্প পুলিশ-৪ এর পরিচালক মাহবুব আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শ্রমিকদের সঙ্গে আলোচনা করে মালিকপক্ষ সোমবারের মধ্যে বকেয়া বেতন-ভাতা পরিশোধের আশ্বাস দিয়েছে। এরপর বেলা পৌনে ১২টার দিকে অবরোধ তুলে নিয়েছে শ্রমিকরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১১৫৫ ঘ.
bdnews24